‘সফল হতে আমাদের সবকিছুই আছে,’ জয়সূচক গোল করে ম্যাক আলিস্তার

স্পোর্টস ডেস্ক

পিছিয়ে পড়েছিল লিভারপুল, কিন্তু অ্যানফিল্ডে হার মানেনি তাদের মানসিকতা। বরং এক গোল হজম করার পর আরও আগ্রাসী হয়ে ম্যাচ নিজেদের দিকে টেনে নেয় তারা। পিছিয়ে পড়েও ম্যাচ ঘুরিয়ে জেতার মধ্যে যে মানসিকতার পরিচয়, সেটিই সবচেয়ে বেশি মুগ্ধ করেছে আলেক্সিস ম্যাক অ্যালিস্তারকে।

আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলের জয়ে লিভারপুলের প্রত্যয়, আগ্রাসন ও সমর্থকদের ভূমিকার প্রশংসা করেছেন আর্জেন্টাইন মিডফিল্ডার। একই সঙ্গে তার বিশ্বাস, বড় ট্রফি জেতার মতো সব উপকরণই আছে লিভারপুলের।

আনদোনি ইরাওলার অধীনে নতুন চ্যাম্পিয়ন্স লিগের ইউরোপিয়ান লিগ পর্বে জয় দিয়ে যাত্রা শুরু করেছে লিভারপুল। অ্যানফিল্ডে ১৭ মিনিটে মার্কোস ইয়োরেন্তের গোলে পিছিয়ে পড়েছিল স্বাগতিকেরা। তবে বিরতির আগেই ডমিনিক সোবোসলাই গোল করে সমতা ফেরান। দ্বিতীয়ার্ধে ২৭ বছর বয়সী ম্যাক অ্যালিস্তারের দুর্দান্ত গোলে জয় নিশ্চিত করে লিভারপুল।

রিও এনগুমোহার বুদ্ধিদীপ্ত মুভমেন্টেই তৈরি হয়েছিল গোলের সুযোগ। তার কাছ থেকে বল পেয়ে প্রায় ২০ গজ দূর থেকে জোরালো শট নেন ম্যাক অ্যালিস্তার। বলটি নিখুঁতভাবে পোস্টের ভেতরের দিক ঘেঁষে জালে জড়িয়ে যায়।

ম্যাচ শেষে নিজের গোলের চেয়েও দলের মানসিকতার প্রশংসাই করেছেন বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডার। পিছিয়ে পড়ার পর দ্রুত ঘুরে দাঁড়ানো এবং বিরতির দুই পাশে গুরুত্বপূর্ণ সময়ে গোল করার বিষয়টি আলাদা করে তুলে ধরেছেন তিনি। সেই সঙ্গে কঠিন মুহূর্তে অ্যানফিল্ডের দর্শকদের সমর্থনও লিভারপুলকে এগিয়ে দিয়েছে বলে মনে করেন ম্যাক অ্যালিস্তার।

'আমার দলের মানসিকতাটা ভালো লেগেছে। আমরা জয়ের জন্য মরিয়া ছিলাম, সমর্থকদেরও আমাদের পাশে পেয়েছি। অ্যানফিল্ডে খেললে এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এমনটাই চাই এবং আমার মনে হয়, এটা আমাদের জন্য সত্যিই ইতিবাচক একটি পদক্ষেপ,' বলেন তিনি।

নিজের গোলের মুহূর্ত নিয়েও কথা বলেছেন ম্যাক অ্যালিস্টার। দূর থেকে শট নেওয়ার সময়ই আত্মবিশ্বাসী ছিলেন জানিয়ে তিনি বলেন, 'শটটা ভালোই হয়েছিল। সাধারণত আমি যখন এমন জায়গায় থাকি, তখন শট নিতে পছন্দ করি। আমি খুশি, কারণ গোল করতে আমার ভীষণ ভালো লাগে। আজ গোলটা সুন্দর হয়েছে এবং দলের জন্যও গুরুত্বপূর্ণ ছিল।'

ম্যাচের শুরুতে কিছু রক্ষণাত্মক ভুল করলেও লিভারপুল দ্রুত নিজেদের সামলে নেয়। বলের দখল ও চাপ প্রয়োগের মাধ্যমে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে আসে তারা।

সামনের দিনগুলোতে বড় ট্রফি জয়ের লক্ষ্যও পরিষ্কার করে দিয়েছেন ম্যাক অ্যালিস্তার, 'আমাদের দারুণ একটি দল আছে। আমাদের মান আছে, জয়ের ক্ষুধা আছে এবং সফল হওয়ার জন্য প্রয়োজনীয় সবকিছুই আমাদের রয়েছে। আমরা চেষ্টা করব, কঠোর পরিশ্রম করব এবং আশা করি কিছু ট্রফি জিততে পারব।'

লিভারপুলের ইউরোপিয়ান অভিযানের পরবর্তী পরীক্ষা আগামী মাসে। অস্ট্রিয়ার দল লাস্কের মাঠে খেলতে যাবে ইরাওলার দল।