‘বার্সেলোনার ফুটবল ভয়ংকর, সত্যিই ভীতিকর’
চ্যাম্পিয়ন্স লিগে নিজের দলের অভিষেক জয়ের আনন্দের মধ্যেও সেস ফ্যাব্রেগাসের চোখে ভয় ধরিয়েছে অন্য এক দলের ফুটবল। ফেইনুর্দকে যেভাবে প্রায় অসহায় করে ৫-১ গোলে হারিয়েছে বার্সেলোনা, তা দেখে বিস্মিত কোমোর স্প্যানিশ কোচ। ফ্যাব্রেগাসের চোখে, এই মুহূর্তে বার্সেলোনা যে মানের ফুটবল খেলছে, সেটি শুধু দুর্দান্ত নয়, ‘সত্যিই ভীতিকর’।
ইউরোপের শীর্ষ মঞ্চে অভিষেক ম্যাচেই লাইপজিগকে ৪-১ গোলে হারিয়েছে কোমো। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বার্সেলোনার সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে কথা বলতে গিয়ে হান্সি ফ্লিকের দলের প্রশংসায় পঞ্চমুখ হন ফ্যাব্রেগাস।
ফেইনুর্দের বিপক্ষে আগের দিনের বার্সেলোনার ম্যাচটি দেখেছেন জানিয়ে তিনি বলেন, 'গতকাল আমি বার্সার ম্যাচটি দেখেছি। বলতে হবে, ফেইনুর্দ খুব ভালো দল। কিন্তু বার্সেলোনা আপনাকে খারাপ দেখায়, কারণ তারা প্রতিটি মুহূর্তেই সমাধান খুঁজে নেয়।'
রদ্রি বা পেদ্রির মতো খেলোয়াড়কে ম্যান-টু-ম্যান মার্কিং করে আটকে রাখার চেষ্টা করলেও বার্সেলোনাকে থামানো কঠিন বলে মনে করেন ফ্যাব্রেগাস, 'আপনি তাদের ম্যান-টু-ম্যান ডিফেন্ড করতে পারেন, যেমনটা তারা রদ্রি বা পেদ্রির বিপক্ষে চেষ্টা করেছিল। কিন্তু বার্সেলোনা সব জায়গাতেই সমাধান খুঁজে পায়। যে-ই খেলুক, সবাই খুব উঁচু পর্যায়ে খেলছে। এই মুহূর্তে তারা যে পর্যায়ের ফুটবল খেলছে, তা ভয়ংকর। সত্যিই ভীতিকর।'
তবে নিজের দলের দুর্দান্ত জয়ের পর ফুটবলারদের দ্রুত বাস্তবতায় ফেরানোর কথাও বলেছেন ফ্যাব্রেগাস। কোমোর বেশির ভাগ খেলোয়াড়ের বয়স ২০ কিংবা ২১ বছর উল্লেখ করে তিনি মনে করিয়ে দিয়েছেন, ফুটবলে পরিস্থিতি খুব দ্রুত বদলে যেতে পারে।
'এটা ভালো শুরু, কিন্তু সোমবার আমাদের আবার ম্যাচ আছে। এই খেলোয়াড়দের, যাদের প্রায় সবাই ২০ বা ২১ বছরের, একটু বাস্তবতায় ফিরিয়ে আনতে হবে। কারণ ফুটবলে সবকিছু খুব দ্রুত বদলায় এবং আমাদের সতর্ক থাকতে হবে। আমরা তরুণ ও ক্ষুধার্ত একটি দল, কিন্তু খেলোয়াড়দের শিক্ষিত করাও আমাদের দায়িত্ব। আমি খুব খুশি, এখন আমাদের এগিয়ে যেতে হবে,' বলেন এই স্প্যানিশ কোচ।
স্প্যানিশ কোচদের বর্তমান সাফল্য নিয়েও গর্ব প্রকাশ করেছেন ফ্যাব্রেগাস, 'আমি বিশ্বাস করতে চাই, অভিজাত পর্যায়ে এত বেশি স্প্যানিশ কোচ থাকা কোনো কাকতালীয় ঘটনা নয়। ফুটবলের দিক থেকে আমরা সেরা, কারণ ছেলেরা বিশ্বকাপে সেটা প্রমাণ করেছে। আর এ কারণেই আমরা সেরা। আমরা সবার কাছ থেকে ভালো জিনিসগুলো গ্রহণ করি, যেমনটা করা উচিত।'
'এরপর স্প্যানিশ কোচদের মান খুবই উঁচু, আর তাঁরা সেটি প্রমাণও করছেন। আমি কারও নাম বলতে চাই না, কারণ আপনারা সবাই জানেন। আমি খুব গর্বিত। আমরা তরুণ কোচেরা তাঁদের কাছ থেকে শিখতে এবং তাঁদের আরও এগিয়ে নিতে এখানে আছি,' যোগ করেন তিনি।