বাংলাদেশের জার্সিতে অভিষেক হচ্ছে ফারহানের

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশের ফুটবলে প্রবাসী প্রতিভার নতুন অধ্যায়ের শুরু হতে যাচ্ছে আজ। ইংল্যান্ডে বেড়ে ওঠা ফারহান আলী ওয়াহিদের অপেক্ষারও অবসান ঘটতে চলেছে। মালয়েশিয়ার বিপক্ষে ফিফা আসিয়ান কাপের উদ্বোধনী ম্যাচে লাল-সবুজের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে এই উইঙ্গারের।

নতুন কোচ থমাস ডুলির একাদশে জায়গা করে নিয়ে নিজেকে প্রমাণের প্রথম সুযোগটা আসিয়ান গেমসের প্রথম ম্যাচেই পাচ্ছেন ফারহান। ইন্দোনেশিয়ায় আজ বাংলাদেশ সময় বিকেল ৩টায় মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

ডুলির ৪-২-৩-১ ছকে বাম প্রান্তে ফারহানকেই দেখা যেতে পারে। ডান দিকে থাকবেন ফাহামেদুল ইসলাম। আর একমাত্র স্ট্রাইকার রাকিব হোসেনের ঠিক পেছনে খেলতে পারেন শমিত সোম।

গত জুনে সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের ম্যাচে ছিলেন না রাকিব। মালয়েশিয়ার বিপক্ষে ফিরেই প্রথম একাদশে জায়গা করে নিচ্ছেন তিনি। ফলে আক্রমণভাগে গোলের জন্য বড় দায়িত্ব থাকবে তার কাঁধেই।

ফারহানের অভিষেকের সম্ভাবনাকে আগেই স্বাগত জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘আমি আশা করি, তোমার অভিষেকটা ঠিক তেমনই হবে, যেমনটা তুমি স্বপ্ন দেখেছ, ভাই। সবাই ফারহানের জন্য দোয়া করবেন।’

মাঝমাঠে হ্যামজা চৌধুরী ও সোহেল রানা সিনিয়রকে রক্ষণাত্মক জুটি হিসেবে দেখা যাবে। তাদের সামনে শমিতকে রেখে আক্রমণভাগের সঙ্গে মাঝমাঠের সমন্বয় গড়ে তোলার পরিকল্পনাই থাকতে পারে ডুলির।

রক্ষণভাগে বাঁ প্রান্তে জায়ান আহমেদ এবং ডান দিকে সাদ উদ্দিন খেলবেন। সেন্টারব্যাকে তারিক কাজী রায়হানের সঙ্গে জুটি বাঁধতে পারেন শাকিল আহাদ তপু। গোলপোস্টেও আছে পরিবর্তন। মিতুল মারমাকে সরিয়ে এবার ডুলির আস্থার প্রতীক হতে যাচ্ছেন মেহেদী হাসান শ্রাবণ।

তবে বাংলাদেশের জন্য ম্যাচটি মোটেও সহজ হওয়ার কথা নয়। মালয়েশিয়ার দলে ইংল্যান্ড, ফিনল্যান্ড, বেলজিয়াম, ব্রাজিল ও আর্জেন্টিনাসহ বিভিন্ন দেশের বংশোদ্ভূত বা শিকড়ের অন্তত ১০ জন খেলোয়াড় রয়েছেন।