৯-২ গোলের পর নাইটক্লাবে সাদ-সোহেলের ছবি, উঠছে প্রশ্ন

স্পোর্টস ডেস্ক

ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে বিব্রতকর হার। কয়েক ঘণ্টা পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে কিছু ছবি। যেখানে দেখা যায় নাইটক্লাবে কিছু নারীর সঙ্গে বসে আছেন বাংলাদেশের জাতীয় দলের দুই ফুটবলার সাদ উদ্দিন ও সোহেল রানা জুনিয়র। ছবিগুলোতে তাদের একটি নাইটক্লাবে দেখা গেছে বলে দাবি করা হলেও, সেগুলো ঠিক কখন তোলা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

বৃহস্পতিবার ফিফা আসিয়ান কাপের ম্যাচে ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হারে বাংলাদেশ। এর কয়েক ঘণ্টা পর ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করেন ইন্দোনেশিয়ার এক ব্যবহারকারী। পরে পোস্টগুলো ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর সেগুলো মুছে ফেলা হয়।

একটি পোস্টের ইন্দোনেশীয় ভাষার বক্তব্যের অনুবাদ অনুযায়ী, সেই নারী দাবি করেছেন, তিনি বাংলাদেশের জাতীয় দলের কয়েকজন সদস্যের সঙ্গে এইচ ক্লাবে দেখা করেছিলেন এবং তারা তাকে ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দেখতে আমন্ত্রণ জানিয়েছিলেন। আরেকটি পোস্টে ৯-২ গোলের ফলাফল উল্লেখ করে দাবি করা হয়, ওই রাতেই খেলোয়াড়েরা তার সঙ্গে যোগাযোগ করেছিলেন।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এসব পোস্ট বা ছবির কোনোটিই নিশ্চিত করে না যে সেগুলো ম্যাচের রাতেই তোলা হয়েছিল। ফলে ছবিতে থাকা ব্যক্তিদের পরিচয় এবং ছবিগুলোর সময়, দুটিই স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এ বিষয়ে বাংলাদেশের দলীয় ব্যবস্থাপক আমিরুল ইসলাম বাবুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচের পর রাতের খাবার শেষে খেলোয়াড়দের নিজ নিজ কক্ষে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। পরদিন সকালে জাকার্তা থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল দলের।

আমিরুল ইসলাম বাবু বলেন, 'রাতের খাবারের পর খেলোয়াড়েরা ঘুমাতে গেছে। আমরা তো সারা রাত তাদের দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে পারি না।'

তবে খেলোয়াড়েরা নির্দেশ অমান্য করে বাইরে গিয়েছিলেন কি না, সে সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি। এ বিষয়ে তার বক্তব্য, 'যদি তারা এমনটা করে থাকে, আমাদের ডিসিপ্লিনারি কমিটি আছে। আমাদের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।'

এর মধ্যেই ৯-২ গোলের হারের ধাক্কা সামলাতে হচ্ছে বাংলাদেশ দলকে। তিন বছর পর এটিই জাতীয় দলের সবচেয়ে বড় পরাজয়। আসিয়ান কাপের গ্রুপপর্বে বড় ব্যবধানে জয়ের প্রয়োজন ছিল ইন্দোনেশিয়ার; সেই লক্ষ্যেই তারা ম্যাচের শুরু থেকেই আক্রমণে ঝড় তোলে। প্রথমার্ধেই ৬-১ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। শেষ পর্যন্ত ম্যাচ শেষ হয় ৯-২ ব্যবধানে।

এই হারের মধ্য দিয়ে আসরটিও শেষ হয়েছে বাংলাদেশের জন্য হতাশাজনকভাবে। তিন ম্যাচে তিন পরাজয়, ইন্দোনেশিয়ার কাছে ব্র হারের আগে মালয়েশিয়ার কাছে ৩-০  সিঙ্গাপুরের কাছে ১-০ গোলের হার নিয়ে প্রতিযোগিতা শেষ করেছে বাংলাদেশ।