কাজাখস্তানকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপে বাংলাদেশের প্রথম জয়
শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। চীন ও মালয়েশিয়ার কাছে টানা দুই হারে চাপেই ছিল অনূর্ধ্ব-২১ হকি দল। তবে তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে সেই চাপ কিছুটা কাটিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। মঙ্গলবার মঙ্গোলিয়ার হুলুনবুইর সিটিতে কাজাখস্তানকে ৪-২ গোলে হারিয়ে পুরুষদের জুনিয়র এশিয়া কাপে প্রথম জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ।
চীন ও মালয়েশিয়ার কাছে যথাক্রমে ৩-২ ও ৪-২ গোলে হারের পর এই ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। ম্যাচের তৃতীয় মিনিটেই পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন শিমুল ইসলাম।
তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। চার মিনিট পরই সমতায় ফেরে কাজাখস্তান। সপ্তম মিনিটে ওপেন প্লে থেকে গোল করেন ইয়ারালি কাইরাতুলি। দ্বিতীয় কোয়ার্টারে আবারও এগিয়ে যায় বাংলাদেশ। ফিল্ড গোল করে লাল-সবুজদের ২-১ ব্যবধানে এগিয়ে দেন মেহেদী হাসান।
এরপর তৃতীয় কোয়ার্টারে ম্যাচের নিয়ন্ত্রণ আরও শক্ত করে বাংলাদেশ। ৩৩তম মিনিটে আরেকটি ফিল্ড গোল করেন তাইয়েব আলী। তাতে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ এবং জয় থেকে আরও কাছে চলে আসে।
তবে কাজাখস্তানও সহজে হাল ছাড়েনি। তিন মিনিট পরই ব্যবধান কমিয়ে আনে তারা। ৩৬তম মিনিটে ওপেন প্লে থেকে গোল করেন আরসেন ঝানাত। ফলে শেষ কোয়ার্টারের আগে ম্যাচে আবারও উত্তেজনা ফিরে আসে।
শেষ পর্যন্ত চতুর্থ ও শেষ কোয়ার্টারেই জয় নিশ্চিত করে বাংলাদেশ। ম্যাচের ৫০তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন মুন্না ইসলাম। তার গোলে বাংলাদেশের জয় নিশ্চিত হয় ৪-২ ব্যবধানে।
এই জয়ে টুর্নামেন্টে প্রথমবারের মতো জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে বুধবার পাকিস্তানের মুখোমুখি হবে লাল-সবুজের দল। এরপর স্থান নির্ধারণী ম্যাচে অংশ নেবে বাংলাদেশ। সেখানেই নির্ধারিত হবে টুর্নামেন্টে তাদের চূড়ান্ত অবস্থান।