ফিফার সঙ্গে ‘গঠনমূলক’ বৈঠক ইরানের

স্পোর্টস ডেস্ক

২০২৬ বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ ও প্রস্তুতি নিয়ে ফিফার সঙ্গে অনুষ্ঠিত বৈঠককে 'চমৎকার' ও 'গঠনমূলক' বলে বর্ণনা করেছেন বিশ্ব ফুটবল সংস্থার মহাসচিব ম্যাটিয়াস গ্রাফস্ট্রম। শনিবার তুরস্কের ইস্তানবুলে ইরান ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ইরান বিশ্বকাপে অংশ নেবে এবং তাদের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এমন বাস্তবতায় ভিসা ও অন্যান্য প্রশাসনিক বিষয় নিয়ে শঙ্কা তৈরি হলেও বৈঠকের পর ইতিবাচক বার্তা দিয়েছে দুই পক্ষই।

গ্রাফস্ট্রম বলেন, 'ইরান ফুটবল ফেডারেশনের সঙ্গে আমাদের বৈঠকটি খুবই চমৎকার ও গঠনমূলক ছিল। আমরা ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করছি এবং বিশ্বকাপে তাদের স্বাগত জানানোর অপেক্ষায় আছি।'

তিনি আরও বলেন, 'অন্য সদস্য দেশগুলোর মতোই কিছু পরিচালনাগত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমরা ইতিবাচক মতবিনিময় করতে পেরেছি এবং বৈঠক নিয়ে ফিফা ও ইরান দুই পক্ষই সন্তুষ্ট।'

এর আগে বৃহস্পতিবার ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ জানিয়েছিলেন, এখনো দলটির জন্য কোনো ভিসা ইস্যু হয়নি। তবে শনিবারের বৈঠকের পর তিনিও সন্তুষ্টি প্রকাশ করেন।

তাজ বলেন, 'আমরা আমাদের উদ্বেগের বিষয়গুলো তুলে ধরেছি এবং টিম মেল্লির নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতে যৌথ প্রতিশ্রুতি ব্যক্ত করেছি।'

তুর্কি ফুটবল ফেডারেশনের সদর দপ্তরে অনুষ্ঠিত এই বৈঠকের পর সোমবার তুরস্কে প্রস্তুতি ক্যাম্পে যাচ্ছে ইরান দল। সেখানে আন্তালিয়ায় দুটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে তাদের। এর মধ্যে ২৯ মে গাম্বিয়ার বিপক্ষে একটি ম্যাচ নিশ্চিত হয়েছে।

বিশ্বকাপের আগে ইরান ৩০ সদস্যের প্রাথমিক দল নিয়ে ক্যাম্প শুরু করবে, যেখান থেকে শেষ পর্যন্ত ২৬ সদস্যের স্কোয়াড চূড়ান্ত করা হবে।

প্রাথমিক দলে জায়গা পেয়েছেন পোর্তোর তারকা স্ট্রাইকার মেহদি তারেমি। তবে নেই অভিজ্ঞ ফরোয়ার্ড সারদার আজমুন। জাতীয় দলের হয়ে ৫৭ গোল করা এই ফুটবলার অতীতে বায়ার লেভারকুসেন ও রোমার হয়ে খেলেছেন।

সম্প্রতি দুবাইয়ের আমিরের সঙ্গে তোলা একটি ছবি প্রকাশের পর ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে “রাষ্ট্রদ্রোহিতা”-র অভিযোগের মুখে পড়েন আজমুন। এর আগে সরকারবিরোধী বিক্ষোভকারীদের পক্ষেও কথা বলেছিলেন তিনি।

তবে কোচ আমির ঘালেনোই জোর দিয়ে বলেছেন, দল নির্বাচনে কেবল ফুটবলীয় বিষয়ই বিবেচনায় নেওয়া হয়েছে।

তার ভাষায়, 'আমি সৃষ্টিকর্তার নামে শপথ করে বলছি, খেলোয়াড় নির্বাচনে কারিগরি দিক ছাড়া অন্য কোনো বিষয় ভূমিকা রাখেনি।'

টানা চতুর্থবারের মতো বিশ্বকাপে খেলতে যাচ্ছে ইরান। যুক্তরাষ্ট্রে পৌঁছে অ্যারিজোনার টুকসনে নিজেদের বেস ক্যাম্প গড়বে দলটি।

১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইরান। এরপর একই শহরে বেলজিয়ামের বিপক্ষে এবং সিয়াটলে মিশরের মুখোমুখি হবে তারা।