ভিসা জটিলতার মধ্যেই তুরস্কে ইরান, চলছে বিশ্বকাপ প্রস্তুতি

স্পোর্টস ডেস্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে রাজনৈতিক উত্তেজনা ও ভিসা অনিশ্চয়তার মধ্যেও ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি থামাচ্ছে না ইরান। শেষ প্রস্তুতি ম্যাচ খেলতে এবং যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে সোমবার তুরস্কের উদ্দেশে রওনা হয়েছে ইরানের জাতীয় ফুটবল দল।

ইরানি সংবাদমাধ্যম তাসনিম জানিয়েছে, আনতালিয়ায় ক্যাম্প করবে দলটি। সেখানে বিশ্বকাপের আগে অন্তত দুটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে তাদের। এর মধ্যে ২৯ মে গাম্বিয়ার বিপক্ষে একটি ম্যাচ ইতোমধ্যেই নিশ্চিত হয়েছে।

প্রথম ধাপে তুরস্কে যাওয়া বহরে রয়েছেন দেশীয় লিগে খেলা ২২ ফুটবলার ও কোচিং স্টাফ।

মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির মধ্যেই বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে ইরান। ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর অঞ্চলজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও বর্তমানে যুদ্ধবিরতি চলছে, তবে সাম্প্রতিক ড্রোন হামলা ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া বক্তব্য আবারও সংঘাতের আশঙ্কা বাড়িয়েছে।

এই পরিস্থিতির মধ্যেও বিশ্বকাপ আয়োজন পরিকল্পনা অনুযায়ী এগিয়ে নিচ্ছে ফিফা। যুক্তরাষ্ট্রও জানিয়েছে, ইরান দলকে টুর্নামেন্টে স্বাগত জানানো হবে। তবে ভিসা জটিলতা এখনো পুরোপুরি কাটেনি। ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ গত বৃহস্পতিবার জানান, এখনো কোনো ভিসা ইস্যু হয়নি।

শনিবার তুরস্কে ফিফা মহাসচিব ম্যাটিয়াস গ্রাফস্ট্রমের সঙ্গে ইরান ফুটবল ফেডারেশনের বৈঠক হয়। দুই পক্ষই সেই বৈঠককে 'গঠনমূলক' বলে বর্ণনা করেছে। ইরানের কোচ আমির ঘালেনোয়ি জানিয়েছেন, তুরস্কে অবস্থানকালেই খেলোয়াড় ও কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন সম্পন্ন করা হবে।

বিশ্বকাপ নিশ্চিত করেছিল ইরান ২০২৫ সালের মার্চে। তবে এরপর দুবার দেশটিতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তবু ফিফা স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইরানের ম্যাচগুলো সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা নেই। যদিও ইরান চেয়েছিল ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের বদলে সহ-আয়োজক কানাডা বা মেক্সিকোতে আয়োজন করতে।

এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরানি খেলোয়াড়দের নিয়ে কোনো সমস্যা নেই। তবে যাদের ইসলামিক রেভল্যুশনারি গার্ডের সঙ্গে সম্পর্ক আছে বলে মনে করা হবে, তাদের প্রবেশে বাধা দেওয়া হতে পারে।

গত মাসে কানাডায় ফিফা কংগ্রেসে অংশ নিতে গিয়ে অপমানের শিকার হওয়ার অভিযোগ তুলে সফর বাতিল করেছিলেন ইরান ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা। প্রতিনিধি দলের একজন ছিলেন মেহদি তাজ, যিনি অতীতে রেভল্যুশনারি গার্ডের সদস্য ছিলেন।

বিশ্বকাপে ‘গ্রুপ জি’-তে খেলবে ইরান। ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে তারা। এরপর একই শহরে বেলজিয়াম এবং সিয়াটলে মিশরের মুখোমুখি হবে দলটি। যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর অ্যারিজোনার টুকসনে নিজেদের বেস ক্যাম্প গড়বে ইরান।