এবারের বিশ্বকাপে নেইমার গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে যাচ্ছে: আনচেলত্তি
চোট আর ফিটনেস ঘাটতির কারণে নেইমারের বিশ্বকাপ খেলা নিয়েই শঙ্কা ছিল। অথচ ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি তাকে এখন দেখছেন দলের 'গুরুত্বপূর্ণ খেলোয়াড়' হিসেবে। বার্সেলোনা আর পিএসজির সাবেক এই ফুটবলারের 'বিশাল অভিজ্ঞতা' ও ড্রেসিংরুমে 'দারুণ পরিবেশ' তৈরি করার সক্ষমতা রয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।
জল্পনা-কল্পনার ইতি টেনে সোমবার রাতে কোচ কার্লো আনচেলত্তির ঘোষিত ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পেয়েছেন নেইমার। অথচ কয়েকদিন আগেও দেশটির অনেক বিশ্লেষক ও প্রাক্তন ফুটবলার তার জায়গা পাওয়াকে অসম্ভব বলে মনে করেছিলেন।
১২৮ ম্যাচে ৭৯ গোল নিয়ে নেইমার ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত আসরটি হতে যাচ্ছে তার ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ। দীর্ঘ আড়াই বছর পর জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি।
২০২৩ সালের অক্টোবরে বাম পায়ের গুরুতর চোটে পড়েছিলেন ৩৪ বছর বয়সী এই তারকা। তখন থেকেই পূর্ণ ফিটনেসে ফিরতে তীব্র চেষ্টা করছেন তিনি। চলতি বছরও চোটের সঙ্গে তাকে লড়াই করতে হয়েছে। ফলে ক্লাব পর্যায়ে নিয়মিত খেলতে পারেননি তিনি। সান্তোসের ৩১টি ম্যাচের মধ্যে কেবল ১৫টিতে মাঠে থেকেছেন নেইমার, যদিও পারফরম্যান্সে দ্যুতি ছড়িয়েছেন। ছয়টি গোলের পাশাপাশি করেছেন চারটি অ্যাসিস্ট।
রিও দি জানেইরোতে এক সংবাদ সম্মেলনে স্কোয়াড ঘোষণার সময় নেইমারকে নিয়ে আনচেলত্তি বলেন, 'সে তার ফিটনেসের উন্নতি করেছে। এবারের বিশ্বকাপে সে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে যাচ্ছে।'
ব্রাজিলের কোচ যোগ করেন, দলের কয়েকটি পজিশনের জন্য যেসব অভিজ্ঞ খেলোয়াড়কে তিনি অগ্রাধিকার দিয়েছেন, নেইমার তাদেরই একজন, 'বিশ্বকাপের প্রথম ম্যাচ পর্যন্ত তার ফিটনেস আরও উন্নত করার সুযোগ আছে। এই ধরনের প্রতিযোগিতায় তার বিশাল অভিজ্ঞতা রয়েছে। সে দলের সবার ভালোবাসার পাত্র এবং দলের ভেতর সে দারুণ একটি পরিবেশ তৈরি করতে পারবে।'
৬৬ বছর বয়সী অভিজ্ঞ ইতালিয়ান কোচ আনচেলত্তি ২০২৫ সালের মে মাসে সেলেসাওদের দায়িত্ব নেন। তবে এই এবারের আগ পর্যন্ত ফিটনেস ইস্যুতে তিনি নেইমারকে একবারও দলে ডাকেননি। বিশ্বকাপ সামনে রেখে শেষমেশ মন গলেছে তার।
বিশ্বমঞ্চে নেইমারের পরিসংখ্যান নজর কেড়ে নিতে বাধ্য। ১৩টি ম্যাচ খেলে আটটি গোল পেয়েছেন তিনি। তাছাড়া, সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও চারটি গোল। সবশেষ ২০২২ সালের কাতার বিশ্বকাপে দুটি গোল ও একটি অ্যাসিস্ট করেছিলেন তিনি।
ব্রাজিলের ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে ভিনিসিয়ুস জুনিয়র আর রাফিনিয়াও রয়েছেন, যারা সাম্প্রতিক বছরগুলোতে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের আক্রমণভাগের দুই মূল অস্ত্র। তবে চোটের কারণে দলটি পাচ্ছে না রিয়াল মাদ্রিদের উইঙ্গার রদ্রিগো ও চেলসির উইঙ্গার এস্তেভাওকে।