পুরো মৌসুমে স্রেফ ৪৫ মিনিট খেলেই সুইজারল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডে
আসন্ন ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে সুইজারল্যান্ড। চমক জাগিয়ে সেখানে ডাক পেয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব বার্নলির ২৫ বছর বয়সী ফুটবলার জেকি আমদুনি। হাঁটুর গুরুতর চোট কাটিয়ে সম্প্রতি মাঠে ফেরা এই ফরোয়ার্ড চলমান মৌসুমে স্রেফ ৪৩ মিনিট খেলেছেন।
বুধবার কোচ মুরাত ইয়াকিনের ঘোষিত স্কোয়াডে আছেন তিনজন গোলরক্ষক, আটজন ডিফেন্ডার, নয়জন মিডফিল্ডার ও আমদুনিসহ ছয়জন ফরোয়ার্ড। সুইসদের হয়ে এখন পর্যন্ত খেলা ২৭ ম্যাচে ১১ গোল করেছেন তিনি। ২০২৩ সালে স্বদেশি ক্লাব বাসেল ছেড়ে তিনি বার্নলিতে নাম লেখান।
অনুমিতভাবেই আছেন অধিনায়ক ও অভিজ্ঞ মিডফিল্ডার গ্রানিত জাকা। ৩৩ বছর বয়সী এই তারকা বর্তমানে খেলছেন প্রিমিয়ার লিগের আরেক ক্লাব সান্ডারল্যান্ডে। সব মিলিয়ে সুইজারল্যান্ডের হয়ে টানা সপ্তম বড় টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছেন তিনি। সব মিলিয়ে প্রিমিয়ার লিগে চুক্তিবদ্ধ পাঁচজন ফুটবলার আছেন এই স্কোয়াডে। বাকিরা হলেন নোয়া ওকাফোর, ড্যান এনদোয়ে ও মানুয়েল আকাঞ্জি।
১৩তম বারের মতো বিশ্বকাপে খেলতে যাচ্ছে সুইসরা। তাদের সেরা সাফল্য তিনবার কোয়ার্টার ফাইনালে খেলা (১৯৩৪, ১৯৩৮ ও ১৯৫৪ সালের আসরে)। এবার দলটি রয়েছে 'বি' গ্রুপে বসনিয়া ও হার্জেগোভিনা, কানাডা ও কাতারের সঙ্গে। ফুটবলের মহাযজ্ঞে নামার আগে তারা দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে জর্ডান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে।
২০২৬ বিশ্বকাপে সুইজারল্যান্ডের স্কোয়াড:
গোলরক্ষক: গ্রেগর কোবেল, মারভিন কেলার, ইভন এমভোগো
ডিফেন্ডার: রিকার্দো রদ্রিগেজ, সিলভান ভিডমার, মানুয়েল আকাঞ্জি, মিরো মুহেইম, নিকো এলভেদি, অরেল আমেন্দা, লুকা জাকেজ, এরায় জোমার্ট
মিডফিল্ডার: ইয়োহান মানজাম্বি, গ্রানিত জাকা, রেমো ফ্রয়লার, দেনিস জাকারিয়া, আরদোন জাশারি, মিশেল এবিশার, জিব্রিল সো, ক্রিস্তিয়ান ফাসনাখট, ফাবিয়ান রিডার
ফরোয়ার্ড: নোয়া ওকাফোর, ড্যান এনদোয়ে, জেকি আমদুনি, ব্রিল এমবোলো, রুবেন ভারগাস, সেড্রিক ইটেন।