খুসানভকে নিয়ে বিশ্বকাপের ঐতিহাসিক স্কোয়াড ঘোষণা উজবেকিস্তানের
ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার আবদুকোদির খুসানভকে অন্তর্ভুক্ত করে ২০২৬ বিশ্বকাপের জন্য মঙ্গলবার ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে উজবেকিস্তান।
২০২৫ সালের জানুয়ারিতে ফরাসি ক্লাব লেঁস থেকে ম্যান সিটিতে যোগ দেন ২২ বছর বয়সী তারকা। প্রথম উজবেক ফুটবলার হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে নাম লেখানোর রেকর্ড তার দখলে।
ইতোমধ্যে সিটিজেনদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৭টি ম্যাচ খেলে ফেলেছেন খুসানভ। এবারের মৌসুমে ক্লাবটির এফএ কাপ ও কারাবাও কাপ জয়েও বড় ভূমিকা ছিল তার।
নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে অংশ নিতে যাচ্ছে এশিয়ার দল উজবেকিস্তান। তাদেরকে ডাগআউট থেকে পথ দেখাবেন ইতালির জার্সিতে ২০০৬ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক ফাবিও ক্যানাভারো।
বিশ্বকাপে দলটিকে নেতৃত্ব দেবেন তারকা ফরওয়ার্ড এলদোর শমুরোদভ। ইতালিয়ান ক্লাব এএস রোমার সঙ্গে চুক্তিবদ্ধ থাকলেও তিনি সাম্প্রতিক মৌসুমে খেলেছেন তুর্কি ক্লাব ইস্তানবুল বাশাকশেহিরে।
আগামী ১৮ জুন কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে উজবেকরা। 'কে' গ্রুপের বাকি দুই ম্যাচে তাদের প্রতিপক্ষ পর্তুগাল ও ডিআর কঙ্গো।
উজবেকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড:
গোলরক্ষক: উতকির ইউসুপভ, আবদুভোহিদ নেমাতভ, বতিরালি এরগাশেভ
রক্ষণভাগ: রুস্তম আশুরমাতভ, ফারুখ সাইফিয়েভ, খোজিয়াকবার আলিজোনভ, শেরজোদ নাসরুল্লায়েভ, উমর এশমুরোদভ, আবদুকোদির খুসানভ, আব্দুল্লা আব্দুল্লায়েভ, বেখরুজ করিমভ, জাখঙ্গির উরোজভ, আভাজবেক উলমাসালিয়েভ
মধ্যমাঠ: ওতাবেক শুকুরভ, জালোলিদ্দিন মাশারিপভ, ওদিলজন হামরোবেকভ, উস্তব উরুনভ, জামশিদ ইস্কান্দারভ, দোস্তনবেক খামদামভ, আব্বোসবেক ফয়জুল্লায়েভ, আকমল মোজগোভয়, আজিজন গানিয়েভ, শেরজোদ এসানভ
আক্রমণভাগ: এলদোর শমুরোদভ (অধিনায়ক), ইগর সের্গিয়েভ, আজিজবেক আমোনভ।