বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন জার্মানির তরুণ ফরোয়ার্ড কার্ল

স্পোর্টস ডেস্ক

অনুশীলনের সময় চোটে পড়ে ২০২৬ বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন জার্মানির তরুণ ফরোয়ার্ড লেনার্ট কার্ল। দেশটির ফুটবল ফেডারেশন (ডিএফবি) সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে বিষয়টি নিশ্চিত করেছে।

শুক্রবার কার্লের উদ্দেশ্যে দেওয়া ডিএফবির বিবৃতিতে বলা হয়েছে, 'আজ শেষ মুহূর্তের অনুশীলন সেশনে লেনির (কার্ল) পেশির টিস্যু ছিঁড়ে গেছে এবং (বিশ্বকাপ থেকে) সে ছিটকে গেছে। তোমার দ্রুত আরোগ্য কামনা করি, আমরা তোমার সাথেই আছি।'

বুন্দেসলিগার চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের ১৮ বছর বয়সী এই খেলোয়াড়ের বিকল্প ইতোমধ্যে খুঁজে নিয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আরবি লাইপজিগের মিডফিল্ডার আসান ওয়েদ্রাওগোকে দলে ডেকেছে তারা।

আজ শনিবার রাতে বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে জার্মানি। এর আগে শিকাগোতে তাদের প্রধান কোচ ইউলিয়ান নাগেলসম্যান বলেছিলেন, কার্লের চোটের অবস্থা 'ভালো ঠেকছে না' এবং স্ক্যান করানোর জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

কার্লকে হারানো জার্মানির জন্য বড় একটি ধাক্কা। চলতি মৌসুমে সর্বোচ্চ পর্যায়ে অভিষেকের পর বুন্দেসলিগায় অন্যতম সেরা আবিষ্কার তিনি। কোচ ভিনসেন্ট কোম্পানির অধীনে বায়ার্নের স্কোয়াডে দ্রুতই নিজের জায়গা পাকা করে নেন এই তরুণ।

গত রোববার রাতে ফিনল্যান্ডের বিপক্ষে ৪-০ গোলের জয় পাওয়া প্রীতি ম্যাচে জার্মানির হয়ে প্রথমবারের মতো শুরুর একাদশে মাঠে নেমেছিলেন কার্ল। দেনিজ উন্দাভের একটি গোলে অ্যাসিস্টও করেছিলেন তিনি।

নাগেলসম্যান আরও নিশ্চিত করেছেন যে, অভিজ্ঞ গোলরক্ষক মানুয়েল নয়্যার যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়ার জন্য পুরোপুরি ফিট নন। তবে আগামী ১৪ জুন কুরাসাওয়ের বিপক্ষে বিশ্বকাপে জার্মানির প্রথম ম্যাচের আগেই তিনি সুস্থ হয়ে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

২০১৪ সালের বিশ্বকাপজয়ী ৪০ বছর বয়সী নয়্যার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছিলেন প্রায় দুই বছর আগে। এরপর গত মে মাসে আকস্মিকভাবে এবারের আসরের স্কোয়াডে ডাক পান তিনি।

নাগেলসম্যান বলেছেন, 'তার এই বয়সে এসে গা গরম করার মতো কোনো প্রস্তুতি পর্বের প্রয়োজন নেই। তীব্র চাপের মুহূর্ত কীভাবে সামলাতে হয়, তা সে খুব ভালো করেই জানে।'

তিনি যোগ করেছেন, 'সে পুরোপুরি ফিট হওয়ার পথেই আছে। তবে (তার ব্যাপারে) আমরা কোনো ধরনের ঝুঁকি নিতে চাই না।'