জার্মানির কোচকে কুরাসাওয়ের কোচের হুমকি, ‘তার জীবন ভীষণ কঠিন করে তুলব’

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের মঞ্চে প্রথমবার নামছে ক্ষুদ্র কুরাসাও। প্রথম ম্যাচেই তাদের মোকাবিলা করতে হবে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে। তবে বড় প্রতিপক্ষ দেখে মোটেও দমে যাচ্ছে না তারা। জার্মানদের জন্য কাজটা কঠিন করে তোলার প্রত্যয় জানালেন নবাগত দলটির কোচ ডিক অ্যাডভোকাট।

যুক্তরাষ্ট্রের হিউস্টনে মুখোমুখি হবে দুই দল। 'ই' গ্রুপের ম্যাচটি শুরু বাংলাদেশ সময় রোববার রাত ১১টায়।

বিশ্বকাপের ইতিহাসে মূল পর্বে জায়গা করে নেওয়া সবচেয়ে ছোট দেশ কুরাসাও। তাদের আয়তন মাত্র ৪৪৪ বর্গ কিলোমিটার ও জনসংখ্যা কেবল ১ লাখ ৬০ হাজার। অন্যদিকে, জার্মানি খেলছে নিজেদের ২১তম বিশ্বকাপ আসরে। ইউরোপের দেশগুলোর মধ্যে তাদের চেয়ে বেশি বিশ্বকাপ খেলেনি আর কেউ। সামগ্রিকভাবে ২৩টি আসরের সবকটিতে খেলা ব্রাজিলের পরই অবস্থান জার্মানদের। ঐতিহ্য, সাফল্য ও মান— সবদিক থেকেই তারা কুরাসাওয়ের চেয়ে যোজন যোজন এগিয়ে।

এই ম্যাচে টুর্নামেন্টের সবচেয়ে প্রবীণ কোচ অ্যাডভোকাটের লড়াইটা সবচেয়ে তরুণ কোচের বিপক্ষে— জার্মানির ডাগআউটে আছেন ইউলিয়ান নাগেলসম্যান। প্রতিপক্ষের কোচকে বেশ উঁচুদরেই মূল্যায়ন করছেন অ্যাডভোকাট। তবে নিজেদের জায়গা থেকে হুঙ্কার দিতেও ছাড়েননি।

জার্মানির মুখোমুখি হওয়ার আগে সাংবাদিকদের অ্যাডভোকাট বলেন, 'সে (নাগেলসম্যান তরুণ এবং একই সঙ্গে দারুণ জনপ্রিয়। এত অল্প বয়সে জাতীয় দলের কোচ হতে হলে বিশেষ কিছু থাকতে হয়, যা তার আছে। আমরা মাঠে তার জীবন ভীষণ কঠিন করে তুলব, অন্তত সেই চেষ্টাই থাকবে আমাদের। তবে কোনো সন্দেহ নেই, সে একজন চমৎকার কোচ।'

বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার পর পদত্যাগ করেছিলেন অ্যাডভোকাট, মেয়ের অসুস্থতার কারণে। এরপর সন্তানের শারীরিক অবস্থার উন্নতি হলে গত মে মাসে আবারও কোচের দায়িত্ব নেন তিনি।

এদিন মাঠে নামার সঙ্গে সঙ্গেই ইতিহাস গড়বেন এই ডাচ কোচ। ৭৮ বছর ২৬০ দিন বয়সে দায়িত্বে থেকে বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে বয়স্ক কোচ হতে যাচ্ছেন তিনি।

অ্যাডভোকাট ও নাগেলসম্যানের বয়সের ব্যবধান ৩৯ বছর ২৯৯ দিন। বিশ্বকাপের ইতিহাসে মুখোমুখি হওয়া দুই প্রতিপক্ষ কোচের মধ্যে বয়সের এত বড় ব্যবধান এর আগে কখনো দেখা যায়নি।