বালোগানকে নিয়ে নেমেও বিধ্বস্ত যুক্তরাষ্ট্র, কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
এই ম্যাচের আগে মূল আলোচনা ছিলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফিফা বিশ্বকাপে হস্তক্ষেপ। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ফোন করে ফোলারিন বালোগানের নিষেধাজ্ঞা প্রত্যাহার করিয়েছিলেন তিনি। বিতর্কিত এই সিদ্ধান্তে ফুটবল বিশ্বে চলা তুমুল সমালোচনার মাঝে মাঠের ফুটবলে কিছু করতে পারল না যুক্তরাষ্ট্র। বালোগানকে নিয়ে নেমেও পেরে উঠল না তারা। বড় ব্যবধানের জয়ে শেষ আট নিশ্চিত করল বেলজিয়াম।
সিয়াটল স্টেডিয়ামে বিশ্বকাপের নকআউট পর্বের এই ম্যাচে রুডি গার্সিয়ার দল মাঠ ছাড়ে ৪-১ ব্যবধানের বড় জয় নিয়ে। বেলজিয়ামের এই দাপুটে জয়ের নায়ক আতালান্তা ফরোয়ার্ড চার্লস ডি কেটেলিয়ারে, যিনি জোড়া গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও এক গোল। অন্যদিকে তুমুল আলোচনা সৃষ্টি করে একাদশে জায়গা পাওয়া বালোগান পুরো ম্যাচেই ছিলেন চেনা ছন্দের বাইরে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের পশরা সাজায় বেলজিয়াম। যার ফল মিলতে বেশি সময় লাগেনি। ম্যাচের মাত্র ৯ মিনিটে নিকোলাস রাস্কিনের চমৎকার পাস থেকে বল পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে বেলজিয়ামকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন চার্লস ডি কেটেলিয়ারে। শুরুর এই ধাক্কা সামলে ওঠার আগেই ২১ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় বেলজিয়ান মিডফিল্ডার আমাদু ওনানাকে, 'তার' পরিবর্তে মাঠে নামেন হ্যান্স ভানাকেন।
খেলার ধারার বিপরীতে ৩১ মিনিটে সমতায় ফেরে স্বাগতিক যুক্তরাষ্ট্র। বক্সের বাইরে থেকে মালিক টিলম্যানের নেওয়া একটি জোরালো ফ্রি-কিক ভানাকেনের মাথায় সামান্য দিক পরিবর্তন করে বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়াকে ফাঁকি দিয়ে জালে জড়ায়। তবে মার্কিন শিবিরের এই উদযাপনের স্থায়িত্ব ছিল মাত্র দুই মিনিট। ৩৩ মিনিটে লিয়েনড্রো ট্রোসার্ডের চমৎকার ক্রস থেকে দুর্দান্ত হেডে নিজের দ্বিতীয় গোলটি করে বেলজিয়ামকে আবার ২-১ ব্যবধানে এগিয়ে দেন ডি কেটেলিয়ারে। ১৯৬৬ সালের পর প্রথম বেলজিয়ান খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের এক ম্যাচে সরাসরি তিন গোলে অবদান রাখার অনন্য রেকর্ডও গড়েন তিনি।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে জিয়োভান্নি রেইনাকে মাঠে নামান মার্কিন কোচ পচেত্তিনো। তবে ৫৭ মিনিটে যুক্তরাষ্ট্রের গোলরক্ষক ফ্রিসের এক মারাত্মক ভুলে ম্যাচ থেকে ছিটকে যায় স্বাগতিকরা। বল ক্লিয়ার করতে ফ্রিস বক্সের অনেক বাইরে চলে আসলে 'তাকে' বাধা দেন ডি কেটেলিয়ারে। সেই আলগা বল পেয়ে প্রায় ৩৫ গজ দূর থেকে ফাঁকা পোস্টে শট নেন হ্যান্স ভানাকেন। মার্কিন ডিফেন্ডার টিম রিম মরিয়া চেষ্টা করেও বলের জাল ছোঁয়া আটকাতে পারেননি। ভানাকেনের এই গোলটি চলতি ২০২৬ বিশ্বকাপের এখন পর্যন্ত সবচেয়ে দূরপাল্লার গোল।
৩-১ ব্যবধানে পিছিয়ে পড়ে অল-আউট আক্রমণে যায় যুক্তরাষ্ট্র। তবে ওয়েস্টন ম্যাককেনি কিংবা বালোগানের প্রচেষ্টাগুলো নসাৎ করে দেন বেলজিয়ান ডিফেন্ডাররা। উল্টো ম্যাচের শেষ দিকে যুক্তরাষ্ট্রের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন বদলি হিসেবে নামা রোমেলু লুকাকু। অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে (৯০+৩') হ্যান্স ভানাকেনের অ্যাসিস্ট থেকে বল পেয়ে বাম পায়ের নিখুঁত শটে গোল করেন এই তারকা স্ট্রাইকার। এই গোলের সঙ্গেই ৪-১ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে রেড ডেভিলরা।
কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ সাবেক চ্যাম্পিয়ন স্পেন।
