পাকিস্তান সুপার এইটে ওঠার পর বিশ্বকাপ জয়ের লক্ষ্য জানালেন শাদাব

স্পোর্টস ডেস্ক

নিজেদের সেরা পারফরম্যান্স দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের সবশেষ স্থানটি নিশ্চিত করেছে পাকিস্তান। এরপর তাদের অলরাউন্ডার শাদাব খান জানিয়েছেন, এবারের আসরের শিরোপা জিততে সক্ষম বলে তারা বিশ্বাস করেন।

কলম্বোতে বুধবার 'এ' গ্রুপের ম্যাচে নামিবিয়াকে মাত্র ৯৭ রানে অলআউট করে ১০২ রানের বিশাল ব্যবধানে জিতেছে পাকিস্তানিরা। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে বাজেভাবে হেরে বিদায়ের ঝুঁকিতে পড়ার পর এই নৈপুণ্যের মাধ্যমে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা।

ওপেনার সাহিবজাদা ফারহানের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরির ওপর ভর করে পাকিস্তান ৩ উইকেটে ১৯৯ রান সংগ্রহ করে। ফারহান ৫৮ বলে ১১ চার ও চার ছক্কায় খেলেন অপরাজিত ১০০ রানের বিস্ফোরক ইনিংস। এরপর স্পিনারদের দাপটে ১৭.৩ ওভারে নামিবিয়াকে গুঁড়িয়ে দেয় দলটি। অফ স্পিনার উসমান তারিক ১৬ রানে ৪ ও লেগ স্পিনার শাদাব ১৯ রানে ৩ উইকেট শিকার করেন।

বোলিংয়ের আগে ব্যাটিংয়েও শাদাব নজর কাড়েন ২২ বলে ৩৬ রানের অপরাজিত আগ্রাসী ইনিংস খেলে। ম্যাচশেষে তিনি বলেন, 'ভারতের বিপক্ষে ওই ম্যাচটি নিয়ে এত আলোচনার পর আমরা নামিবিয়ার বিপক্ষে এই ম্যাচটিকে মোটেও হালকাভাবে নেইনি।'

তিনি যোগ করেন, 'বিশ্বকাপ জেতার লক্ষ্য অর্জনে আমরা সঠিক পথেই আছি এবং আমরা একটি নির্দিষ্ট পরিকল্পনা বা প্রক্রিয়া অনুসরণ করছি।'

পাকিস্তান আগামী শনিবার কলম্বোতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে সুপার এইট পর্বে নিজেদের অভিযান শুরু করবে। এরপর সালমান আগার নেতৃত্বাধীন দলটি ইংল্যান্ড ও সহ-আয়োজক শ্রীলঙ্কার মুখোমুখি হবে।

তবে ২৭ বছর বয়সী শাদাব সতর্ক থেকে জানিয়েছেন, আসন্ন পর্বটি হবে আরও চ্যালেঞ্জিং, 'এখন সেরা আটটি দল বাকি রয়েছে। তাই এই পর্বটি বেশ কঠিন হবে এবং প্রতিটি ম্যাচই হবে প্রচণ্ড চাপের।'