উসমান তারিককে নিয়ে আলাদা করে বিচলিত নয় ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে বেশ ফুরফুরে মেজাজেই আছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। তবে প্রতিপক্ষ শিবিরের ‘রহস্যময়’ স্পিনার উসমান তারিককে নিয়ে যে বাড়তি উন্মাদনা চলছে, তা গায়ে মাখছে না ইংলিশরা। বাঁহাতি স্পিনার লিয়াম ডসনের মতে, লড়াইটা কেবল একজন বোলারকে নিয়ে নয়, বরং পুরো পাকিস্তান দলের সঙ্গে।

সহ-আয়োজক শ্রীলঙ্কার বিপক্ষে ৫১ রানের দাপুটে জয় দিয়ে সুপার এইট শুরু করেছে ইংল্যান্ড। পাকিস্তানের বিপক্ষে আরেকটি জয় পেলেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত হয়ে যাবে তাদের।

তবে লঙ্কানদের বিপক্ষে ম্যাচে ইংল্যান্ডের টপ অর্ডারের চার ব্যাটারই স্পিনারদের শিকার হয়েছিলেন। সেই দুর্বলতা নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকলেও ডসন মনে করেন, তারা কেবল তারিক নয়, বরং শাদাব খান, আবরার আহমেদ ও মোহাম্মদ নওয়াজদের নিয়ে গড়া পুরো স্পিন ইউনিটের বিপক্ষেই প্রস্তুতি নিচ্ছেন।

বোলিং অ্যাকশনের সময় অদ্ভুত এক বিরতি বা ‘পজ’ দেওয়ার কারণে এবারের টুর্নামেন্টে ব্যাপক আলোচনায় এসেছেন উসমান তারিক। এমনকি অনুশীলনে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুককেও তারিকের সেই অ্যাকশন অনুকরণ করতে দেখা গেছে।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ডসন বলেন, ‘সবকিছুই শুধু তারিককে নিয়ে নয়। তারা খুব ভালো দল এবং তাদের বেশ কিছু বিপজ্জনক খেলোয়াড় আছে। তারিক অবশ্যই ভালো বোলার, তবে আমরা শুধু তার দিকেই তাকিয়ে থাকব না। আমরা পুরো দলটির শক্তিমত্তা দেখে তাদের মোকাবিলার পরিকল্পনা করছি।’

শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে উইল জ্যাকস ও আদিল রশিদের সঙ্গে মিলে সাত উইকেট নিয়েছিলেন ডসন। নিজেদের স্পিন আক্রমণের বৈচিত্র্য নিয়ে তিনি বলেন, ‘আমরা একেকজন একেক ধরনের স্পিনার। জ্যাকসি (উইল জ্যাকস) ভালো বাউন্স পায়, ডিলির (আদিল রশিদ) ভেরিয়েশন অনেক। আমি সেখানে কিছুটা রক্ষণাত্মক ভূমিকা পালন করি। আমরা সবাই বেশ অভিজ্ঞ, তাই মাঠে পরিকল্পনা বাস্তবায়নে আমাদের ওপর দলের পূর্ণ আস্থা আছে।’

মঙ্গলবার রাতের ম্যাচটি একটি ভালো ব্যাটিং উইকেটে হতে পারে বলে ধারণা করছেন ডসন, যা দুই দলের স্পিনারদের জন্যই নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।