ব্রাহ্মণবাড়িয়ায় ৮০৫ কেন্দ্রের মধ্যে ৫৭৪টিই ঝুঁকিপূর্ণ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনের ৮০৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৭৪টিকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে জেলা প্রশাসন।
এর মধ্যে ৪৮২টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ এবং ৯২টি অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান জানান, সব ভোটকেন্দ্রেই ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করা হবে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সাধারণ কেন্দ্রের তুলনায় পুলিশ ও আনসার সদস্যের সংখ্যা বাড়ানো হবে, যা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বাস্তবায়ন করা হবে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, স্থানীয় সামাজিক প্রেক্ষাপট, দাঙ্গাপ্রবণ এলাকা, যাতায়াত ব্যবস্থা এবং অতীতের নির্বাচনী সহিংসতার ঘটনাগুলো বিশ্লেষণ করে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা প্রস্তুত করা হয়েছে।
জেলা প্রশাসক জানান, যেসব কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেখানে স্ট্রাইকিং টিমের পাশাপাশি সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন থাকবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতেও বাড়তি ফোর্স দেওয়ার নির্দেশনা রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ৪৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ভোটার ২৬ লাখ ৮ হাজার ৮৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ লাখ ৬৬ হাজার ৩৪০ জন এবং নারী ভোটার ১২ লাখ ৪১ হাজার ৭৩১ জন।