নির্বাচন ঘিরে প্রতারক চক্রের ফাঁদ থেকে সতর্ক থাকার আহ্বান ইসির
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে প্রতারক চক্রের ফাঁদ থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তাদের ফোন কলে সাড়া না দেওয়ার অনুরোধ জানিয়েছে।
আজ বুধবার ইসির পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বার্তা দেওয়া হয়।
এতে বলা হয়, সম্প্রতি একটি প্রতারক চক্র সম্মানী ভাতা দেয়ার কথা বলে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছ থেকে বিকাশ নম্বর সংগ্রহের চেষ্টা করছে। যোগাযোগের জন্য প্রতারকরা ০১৩৪২০৪৬২৩২ ও ০১৬১২৬৭৭০৭৮ নম্বর ব্যবহার করছে বলে জানা গেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গণভোট ও সংসদ নির্বাচনের পর ভোটকেন্দ্রে নিয়োজিত সব কর্মকর্তাকে সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তার মাধ্যমে নিয়ম অনুসারে সম্মানী দেওয়া হবে।
কমিশন স্পষ্ট করে জানিয়েছে, দায়িত্বরত সব কর্মকর্তারা যথাসময়ে তাদের সম্মানী ভাতা পাবেন। এর জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করার প্রয়োজন নেই।
ভোটের আগে নির্বাচনী কর্মকর্তাদের প্রতারক চক্রের ফোন কলে সাড়া না দেওয়ার জন্য কঠোরভাবে পরামর্শ দিয়েছে ইসি।