প্রশাসন মানুষের বিপক্ষে গেলে ‘৫ আগস্ট’ ফিরে আসবে: হাসনাত

নিজস্ব সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘প্রশাসন যদি বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে আবার ‘৫ আগস্ট’ নেমে আসবে।’ 

আজ বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

হাসনাত বলেন, ‘প্রশাসনের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে ক্ষমতা ভোট চোরদের হাতে যাবে নাকি জনগণের হাতে। এই নির্বাচন ১ হাজার ৪০০ শহীদের রক্তের নির্বাচন। এই নির্বাচনের জন্য আমাদের রক্ত দিতে হয়েছে। প্রশাসনের ভাইয়েরা, আপনারা যদি বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যান, আবার ৫ আগস্ট নেমে আসবে।’

প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, ‘ওসি-ডিসি, এসপি-এসআইদের সিদ্ধান্ত নিতে হবে—আপনারা কি ক্ষমতা ভোট চোরদের হাতে তুলে দেবেন, নাকি জনতার হাতে তুলে দেবেন। ভোট চোরদের হাতে দেশ তুলে দিলে একদিন তারাই আপনাদের দিয়ে রাস্তায় গুলি চালাতে বাধ্য করবে।’

পুলিশ-প্রশাসনের ভেতরে দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন, ‘কিছু লোভী বেনজীর-হারুন আবার উদয় হয়েছে, বিপ্লবরা আবার এসেছে। পুলিশ ভাইয়েরা, আপনারা বেনজীর থেকে শিক্ষা নেন, বিপ্লব থেকে শিক্ষা নেন।’ 

তিনি দাবি করেন, ‘ভবিষ্যৎ নির্বাচনে কোনো এসপি, ওসি বা এসআইয়ের জন্য টাকা রাখার প্রয়োজন হবে না।’

নিজেদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করে এনসিপি নেতা বলেন, ‘আমরা শুধু খেলা চেঞ্জ করতে আসিনি, আমরা খেলার নিয়মই পাল্টে দিতে চাই। আমরা যে বাংলাদেশ গড়ে তুলবো, সেটা হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ।’

গণমাধ্যমের ভূমিকা নিয়ে সমালোচনা করে কুমিল্লা-আসনের এ প্রার্থী বলেন, ‘তৃণমূলের সাংবাদিকরা খবর পাঠান, কিন্তু সেগুলো কেটে দেওয়া হয়। অন্যদিকে আমরা দেখছি, মিডিয়ায় একটি দলের বন্দনা আর বিএনপির প্রচারণা। আগামী নির্বাচনে গণমাধ্যম নিরপেক্ষ না হলে জনগণ মিডিয়াকেও “লাল কার্ড” দেখাবে।’