জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সাক্ষাৎ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস ইজাবসের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
আজ মঙ্গলবার সকালে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে ইইউ প্রতিনিধিদলের মোট ১৫ সদস্য অংশ নেন বলে দলটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ।
বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে আয়োজনের বিষয়ে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন ঘনিষ্ঠভাবে কাজ করবে বলে উল্লেখ করা হয়।
একই সঙ্গে দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী ও টেকসই করার প্রয়োজনীয়তার বিষয়েও উভয় পক্ষ একমত পোষণ করে।
এ সময় ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে তাদের প্রায় ২০০ সদস্যের একটি প্রতিনিধিদল কাজ করবে।
বৈঠকে ভবিষ্যতেও ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, উন্নয়ন সহযোগিতা এবং অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের, ইউরোপের মুখপাত্র আবু বকর মোল্লা, শিক্ষাবিদ যুবায়ের আহমেদ এবং আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মাহমুদুল হাসান।
সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম।