চট্টগ্রাম-১০ আসনের নারীদের এক কেন্দ্রে পুরুষ এজেন্ট নিয়ে বিতর্ক, ভোটগ্রহণে দেরি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের ১৬ আসনে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে চট্টগ্রাম-১০ আসনের এক নারী ভোটকেন্দ্রে জামায়াতে ইসলামীর প্রার্থীর পুরুষ এজেন্ট নিয়োগ নিয়ে জটিলতা সৃষ্টি হয়। এতে ওই কেন্দ্রে ভোট ৩৭ মিনিট দেরিতে শুরু হয়।

আজ সকালে বন্দরনগরীর মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।

প্রিসাইডিং কর্মকর্তা অনুপম বড়ুয়া দ্য ডেইলি স্টারকে জানান, কেন্দ্রটি নারীদের জন্য নির্ধারিত হলেও সেখানে জামায়াত প্রার্থীর পক্ষ থেকে পুরুষ পোলিং এজেন্ট দেওয়া হয়। এতে বিএনপির প্রার্থীর সমর্থকেরা আপত্তি জানালে ভোট গ্রহণে বিলম্ব হয়।

পরে পুলিশ ও নির্বাচন কর্মকর্তাদের মধ্যস্থতায় বিষয়টি সমাধান হয়। ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মো. আরিফ ডেইলি স্টারকে জানান, বিএনপির প্রার্থীর সমর্থকদেরও পুরুষ এজেন্ট নিয়োগ দেওয়ার সুযোগ দেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং ভোটগ্রহণ শুরু হয়।

এই ঘটনার বাইরে চট্টগ্রামের বাকি ভোটকেন্দ্রগুলোয় সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। বিশেষ করে, নারী ও তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (আরপিএটিসি), পূর্ব নাসিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন কেন্দ্র ঘুরে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের চিত্র পাওয়া গেছে।

আরপিএটিসি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা কে বি এম মোস্তফা জামান ডেইলি স্টারকে জানান, সকাল ৯টা পর্যন্ত তার কেন্দ্রে ৮ শতাংশ ভোট পড়েছে। অপর কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন জানান, সকাল সাড়ে ৯টা পর্যন্ত ১৪ শতাংশ ভোট পড়েছে। 

চট্টগ্রাম-৯ আসনের জামায়াত প্রার্থী ডা. আ ক ম ফজলুল হক সকালে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ও চট্টগ্রাম-৬ আসনের বিএনপি প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী রাউজানের গহিরা কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন। দুজনই নির্বাচনের পরিবেশ নিয়ে গণমাধ্যমের কাছে সন্তোষ প্রকাশ করেছেন।

বাঁশখালীর সাধনপুর ইউনিয়নে হিন্দুধর্মাবলম্বী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। গৃহবধূ প্রিয়াঙ্কা চৌধুরী দত্ত ডেইলি স্টারকে বলেন, ‘ঘরে ছোট বাচ্চা রেখে ভোট দিতে এসেছি। সমস্যা ছাড়াই ভোট দিয়েছি।’

অপর ভোটার দীপ্তি দত্ত বলেন, ‘পরে ভিড় বা ঝামেলা হতে পারে ভেবে সকালেই ভোট দিতে চলে এসেছি।’

বাঁশখালীর বাণীগ্রাম সাধনপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা বিশ্বনাথ ধর ডেইলি স্টারকে জানান, শীতের সকাল হওয়ায় ভোটার উপস্থিতি কিছুটা কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়বে বলে আশা করা হচ্ছে।’

তরুণ ভোটারদের মধ্যেও উচ্ছ্বাস দেখা গেছে। অনার্সে ভর্তি–ইচ্ছুক শৈবাল মিত্র চৌধুরী ও ২৪ বছর বয়সী মার্জিয়া বেগম প্রথমবারের মতো ভোট দিতে পেরে আনন্দ প্রকাশ করেছেন।

চট্টগ্রামের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জানান, জেলাজুড়ে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। তিনি বলেন, ‘জনগণই ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করবে এবং দুর্বৃত্তদের প্রতিরোধ করবে।’

বাঁশখালীতে বিএনপির ধানের শীষের প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা ও জামায়াতের জহিরুল ইসলামের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন সাবেক ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী।