ঢাকা-৯

পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না, অভিযোগ তাসনিম জারার

স্টার অনলাইন রিপোর্ট

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা অভিযোগ করেছেন, তার পোলিং এজেন্টদের ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না, কিংবা বের করে দেওয়া হচ্ছে।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর খিলগাঁও মডেল কলেজ কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন অভিযোগ করেন।

তাসনিম জারা বলেন, বেশ কিছু জটিলতার মধ্যে আমাদের যেতে হচ্ছে। বিভিন্ন কেন্দ্রে নানা অজুহাতে আমাদের পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না বা বের করে দেওয়া হচ্ছে। বানোয়াট কিছু নিয়ম বানিয়ে এই অজুহাতগুলো দেখানো হচ্ছে।

তিনি বলেন, কাউকে বলা হচ্ছে, আপনারা তো এখানকার ভোটার নন। অথচ এরকম কোনো নিয়ম নেই যে পোলিং এজেন্ট হতে হলে এই আসনের ভোটার হতে হবে। তারপর পুরুষ কেন্দ্রে নারী এজেন্ট, সেই নিয়ম বলে বের করে দেওয়া হচ্ছে। বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে।

এই স্বতন্ত্র প্রার্থী আরও বলেন, বলছে যে ফোন নিয়ে ঢোকা যাবে না, অথচ ফোন নিয়ে ঢোকা যাবে, ব্যবহার করতে পারবে না। বিভিন্ন অজুহাতে আমাদের যারা পোলিং এজেন্ট আছেন, তাদের বের করে দেওয়া হচ্ছে বা ঢুকতে দেওয়া হচ্ছে না।

এমন পরিস্থিতিকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করে জারা প্রশ্ন তোলেন, যদি তার এজেন্টদের ভোটগ্রহণ পর্যবেক্ষণ করতে না দেওয়া হয়, তাহলে প্রক্রিয়াটি কীভাবে সুষ্ঠু হয়।

তিনি বলেন, যখন আমি জিজ্ঞেস করছি, নিয়মটা কী, তখন আবার তারা বলতে পারছে না। একটু আগে আরেকটা কেন্দ্রে গিয়ে আমাকে নিজেরই সমাধান করতে হয়েছে।

তিনি আরও বলেন, আমি তো প্রার্থী হিসেবে গিয়ে গিয়ে প্রিসাইডিং অফিসারকে জিজ্ঞেস করতে পারব না যে আপনি কোন নিয়মে, কেন এই বানোয়াট অজুহাতে আমার পোলিং এজেন্টকে ঢুকতে দিচ্ছেন না বা বের করে দিচ্ছেন? তো এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

জারা বলেন, আমি জিজ্ঞেস করছি কোথায় নিয়ম, উনি বলছেন, আমাদের বলা হয়েছে। কে বলেছে, তার নামও তিনি বলছেন না। এটা তো গ্রহণযোগ্য হতে পারে না। আমরা চাইব যে সুষ্ঠু নির্বাচন হবে।

ঢাকা-৯ আসনে জারার শক্ত প্রতিদ্বন্দ্বি বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। এই আসনে মোট ভোটার চার লাখ ৬৯ হাজার ৩৬০ জন। মোট প্রার্থী ১২ জন।