সারা দেশে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে: সেনাপ্রধান
সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, এ দিনটার অপেক্ষায় ছিলাম। একটা সুষ্ঠু নির্বাচন, আজ সে নির্বাচন হতে যাচ্ছে।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভোট দিয়ে তিনই এসব কথা বলেন।
সেনাপ্রধান বলেন, সকাল থেকেই সারা দেশে অত্যন্ত শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে এবং ভোটের একটা অনুকূল পরিবেশ বিরাজ করছে। সকালেই খবর নিয়েছি সারা বাংলাদেশের, কোথায় কী হচ্ছে।
তিনি বলেন, আমার কাছে যে খবর, সেটা হলো যে অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে। আমি সবাইকে অনুরোধ করব, সম্মানিত ভোটারদের অনুরোধ করব, আপনারা নির্ভয়ে আপনাদের বাসা থেকে বের হয়ে পোলিং স্টেশনে যাবেন এবং আপনাদের ভোট দেবেন। এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন।
তিনি আরও বলেন, যারা ভোট দিতে পারছেন না, মিডিয়ার লোকজন, আপনারা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করছেন। সারা দেশের পরিস্থিতি জনগণকে জানাচ্ছেন। জনগণ আশ্বস্ত হচ্ছে এবং তারা এই ভোট দিতে যাওয়ার জন্য উৎসাহী হচ্ছে।