জয়ের ব্যাপারে ‘শতভাগ আশাবাদী’ মির্জা আব্বাস
ঢাকা–৮ আসনে জয়ের ব্যাপারে ‘শতভাগ আশাবাদী’ বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। তবে কোনো ধরনের ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিং’ হলে ফলাফল মেনে নেবেন না বলেও সতর্ক করেছেন তিনি।
আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে শাহজাহানপুরে মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এখন পর্যন্ত ভোটগ্রহণ সুষ্ঠুভাবে চলছে এবং বড় ধরনের কোনো বিঘ্ন ঘটেনি বলে জানিয়েছেন বিএনপির এই নেতা।
এ সময় একই আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নাসির উদ্দিন পাটওয়ারীর অভিযোগের পাল্টা জবাব দেন মির্জা আব্বাস।
বলেন, এটি পাটওয়ারীর ‘ব্যক্তিগত মতামত’ এবং কেউ কারো মত প্রকাশে বাধা দিতে পারে না।
এরআগে নাসির উদ্দিন পাটওয়ারী বিএনপি কর্মীদের বিরুদ্ধে তার পোলিং এজেন্টদের কয়েকটি ভোটকেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ করেন।
মির্জা আব্বাস দাবি করেছেন, অনেক কেন্দ্রেই এজেন্ট দিতে ব্যর্থ হয়েছে এনসিপি।