পঞ্চগড়ে নমুনা ব্যালটসহ আটক জাতীয় যুব শক্তির নেতার ৩ বছর কারাদণ্ড
পঞ্চগড়ের আটোয়ারীতে নমুনা ব্যালটসহ আটক হওয়া জাতীয় যুবশক্তির এক নেতাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাচনকালীন বিচারিক আদালত।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আটোয়ারী উপজেলার আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের গেটের সামনে থেকে তাকে প্রশাসনের হাতে তুলে দেন বিএনপির নেতাকর্মীরা। অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক রানা পারভেজ তার বিরুদ্ধে সাজা ঘোষণা করেন।
দণ্ড পাওয়া সুকুমার দাস (৪৪) জাতীয় যুবশক্তির আটোয়ারী উপজেলা শাখার আহ্বায়ক। তিনি আটোয়ারী উপজেলার ফকিরগঞ্জ বাজার খ্রিস্টান পাড়া এলাকার বাসিন্দা।
খোঁজ নিয়ে জানা যায়, সুকুমার দাস আরও দুজনকে নিয়ে ব্যাটারিচালিত ভ্যানে করে এক বান্ডিল নমুনা ব্যালট নিয়ে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের সামনে যান। এ সময় সেখান তিনি কেন্দ্রে আসা ভোটারদের কাছে শাপলাকলি প্রতীকে ভোট চাইছিলেন। পরে বিএনপির লোকজন তাকে আটক আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করেন।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, সাজার বিষয়টি নিশ্চিত করেছেন।