৬ হাজার ৬২০ কেন্দ্রের ভোটের তথ্য পায়নি ইসি

স্টার অনলাইন রিপোর্ট

৪২ হাজার ৬৫১ কেন্দ্রের মধ্যে ৩৬ হাজার ৩১ কেন্দ্রে দুপুর ২টা পর্যন্ত ৪৭ দশমিক ৯১ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৪২ হাজার ৬৫১ কেন্দ্রের মধ্যে ৩৬ হাজার ৩১ কেন্দ্রে ৪৭ দশমিক ৯১ শতাংশ ভোট কাস্ট হয়েছে।

তিনটি আসনের শতাধিক কেন্দ্রে ভোট বন্ধে জামায়াতের দাবি প্রসঙ্গে ইসি সচিবের কাছে জানতে চাওয়া হয় ভোট বন্ধের সুযোগ আছে কি না।

তিনি বলেন, হতে পারে। অভিযোগ আছে। সেটা প্রমাণিত হলে.. কারণ আমরা তো এখানে, তথ্য না নিয়ে বলতে পারব না। আগাম বলা উচিত না। আগাম বললে মানুষ বিভ্রান্ত হবে। সে জন্য অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে, সে অনুযায়ী রিটার্নিং কর্মকর্তা ব্যবস্থা নেবেন।

আখতার আহমেদ আরও বলেন, এ পর্যন্ত নির্বাচন পরিস্থিতিতে সমস্যা নেই।

নিজের দুই কেন্দ্র পরিদর্শনের কথা তুলে ধরে তিনি বলেন, ওনারা (কেন্দ্রের কর্মকর্তা) বলেছিলেন, দুপুর পর্যন্ত ভোটের ফ্লো কম ছিল। আমরা ফেরার সময় ফ্লো বাড়ছে।

কত শতাংশ ভোট আশা করেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যত শতাংশ শেষ পর্যন্ত কাস্ট হবে, ওইটাই আশা করছি।