কিছু আসনের ফলাফল ‘ঝুলিয়ে’ রাখার অভিযোগ জামায়াত আমিরের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণার প্রক্রিয়ায় বেশ কিছু আসনের ফলাফল ‘ঝুলিয়ে’ রাখার অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
এ সময় জামায়াতের জোটসঙ্গী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানসহ (ইরান) ১১ দলীয় নির্বাচনী ঐক্যের অন্য নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে এই অভিযোগ প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, ‘এখন পর্যন্ত বেশ কিছু আসনে আমাদের জানামতে আমরা এগিয়ে আছি এবং গণনাও কমপ্লিট। কিন্তু স্থানীয়ভাবে যারা রিটার্নিং অফিসার আছেন, তারা ঘোষণা দিচ্ছেন না। ঝুলিয়ে রেখেছেন। আমরা বুঝতে পারছি না এটা কেন?’
‘মাঝখানে ওয়েবসাইটে হঠাৎ করে দেখা গেল যে, কে কতটা আসন পেয়েছে, সেটা দেওয়া হলো। মাঝখান থেকে উধাও হয়ে গেল। আবার নাই। আমাদের লোকদেরকে বসিয়ে রাখা হলো দীর্ঘ সময়।’
জামায়াত আমির আরও বলেন, ‘আমরা আশা করছি যে, বিস্তারিত খুঁটিনাটি বিষয়গুলো আমরা কালকের মধ্যে বা পরশু দিনের মধ্যে হয়তোবা পেয়ে যাব। নির্বাচন কমিশনও আশ্বস্ত করেছে যে, তারা ১৩ তারিখের ভেতর রেজাল্ট দিবেন। আমরা সেটা দেখার অপেক্ষায় আছি।’
‘না দিয়ে থাকলে আমরা সঙ্গত সীমা পর্যন্ত অপেক্ষা করব। কিন্তু এই যে কিছু আসনে ইঁদুর-বিড়াল খেলা! এমনকি ঢাকা-৮ আসন এখনো ঝুলে থাকবে কেন? এ বিষয়গুলা কিন্তু সুস্থ ধারার রাজনীতির পরিচয় বহন করে না। এগুলো অসুস্থ ধারার রাজনীতি, তো সেই বিষয়গুলো আমরা বিবেচনায় নিবো। জাতিকে যতটুকু জানানো দরকার মনে করব—জানাবো। যাতে ভবিষ্যতে একই মন্দ কাজের চর্চা অথবা ধারাবাহিকতা না থাকে।’
শফিকুর রহমানের ভাষ্য, ‘একটা নির্বাচন যখন হবে, সবাই জিতবে না। কেউ জিতবে, কেউ হারবে—এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমাদের দেশে কিছু সংস্কৃতি আছে। আমরা এই সংস্কৃতিকে পাল্টানোর পক্ষে।’
তিনি আরও বলেন, ‘আমরা আগেই বলেছি ছোটখাটো কোনো বিষয় নিয়ে আমরা টানাটানি করব না এবং পুরোনো রাজনীতির সংস্কৃতিতে আমরা ফিরে যেতে চাই না। আমরা ইতিবাচক ধারার রাজনীতি করতে চাই।’
এ ক্ষেত্রে জামায়াতসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্য কোনো কারচুপির আশঙ্কা করছে কি না—জানতে চাইলে শফিকুর রহমান বলেন, ‘অনেক কিছু হয়েছে। কিন্তু এখনই আমরা এই ব্যাপারে কোনো কিছু বলতে চাচ্ছি না।’
তিনি আরও বলেন, ‘অবশ্যই কেউ না কেউ এটার জন্য দায়ী হবে। এ জন্য আমাদের এগুলো আরও জানতে হবে, চেক করতে হবে। আপনাদের (সাংবাদিকদের) সামনে কনফার্ম না হয়ে একটা কথা আমি বাতাসে ছেড়ে দিলাম, পরে দায় তো আমার উপরে আসবে! আমরা ওটা চাচ্ছি না।’
এ সময় জামায়াতের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করা দলের বিজয়ী প্রার্থীদের তালিকা প্রসঙ্গে জানতে চান সাংবাদিকরা। রাত ১টা পর্যন্ত সেখানে মোট ৫৮ প্রার্থীর নাম উল্লেখ ছিল। এই বিষয়ে জামায়াত আমির বলেন, ‘এটা চূড়ান্ত বলা যাবে না। জাস্ট একটা আপডেট। আর কিছু না।’


