বাংলায় টুইটের পর তারেক রহমানকে ফোনেও নরেন্দ্র মোদির অভিনন্দন

স্টার অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিজয়ী দল হিসেবে বিএনপিকে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন জানানোর পাশাপাশি দলের চেয়ারম্যান তারেক রহমানকে টেলিফোনও করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করে তারেক রহমানের সঙ্গে ফোনে কথা বলার বিষয়টি নিশ্চিত করেন মোদি।

বার্তায় তিনি বলেন, ‘জনাব তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত। আমি তাকে বাংলাদেশের নির্বাচনে অভাবনীয় বিজয় অর্জনের জন্য অভিনন্দন জানিয়েছি।’

‘বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে তার উদ্যোগের প্রতি শুভকামনা ও সমর্থন জানিয়েছি,’ যোগ করেন মোদি।

 

ভারতীয় প্রধানমন্ত্রী আরও জানান, ‘দুই ঘনিষ্ঠ প্রতিবেশী দেশের মধ্যে আছে শক্তিশালী ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক। আমি উভয় দেশের মানুষের শান্তি, উন্নয়ন ও মঙ্গলের প্রতি ভারতের অঙ্গীকারের বিষয়টি আবারও নিশ্চিত করেছি।’

এর আগে ইংরেজি ও বাংলায় টুইট করে তারেক রহমানকে অভিনন্দন জানান মোদি।

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে আশ্রয় নেন ভারতে। এরপর থেকে তিনি সেখানেই ভারত সরকারের আশ্রয়ে রয়েছেন। এ নিয়ে দুই প্রতিবেশী দেশের সম্পর্কে টানপোড়েনও চলছে।
মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত হাসিনাকে ফেরত দিতে ভারত সরকারের কাছে একাধিকবার চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার।