জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত

স্টার অনলাইন রিপোর্ট

শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. নুরুজ্জামান বাদলের মৃত্যুতে ওই সংসদীয় আসনের নির্বাচন কার্যক্রম বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বুধবার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, শেরপুর-৩ আসনের নির্বাচন আপাতত বাতিল বা টার্মিনেট করা হবে। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর ১৭ অনুচ্ছেদে এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে।

এই আসনের নির্বাচন পরবর্তী সময়ে কীভাবে হবে—এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পরে এই আসনের জন্য নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। ইসি এখনো কবে নির্বাচন হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়নি। তবে আমার ধারণা, ১২ ফেব্রুয়ারির পর এই আসনে ভোট অনুষ্ঠিত হতে পারে।

গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ১৭ অনুচ্ছেদ (১) অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর এবং ভোট গ্রহণের আগে কোনো বৈধভাবে মনোনীত প্রার্থী মৃত্যুবরণ করলে সংশ্লিষ্ট নির্বাচন সংক্রান্ত সব কার্যক্রম বাতিল করতে হয়।

উল্লেখ্য, কিডনি জটিলতায় গতকাল মঙ্গলবার রাতে মারা যান শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের জামায়াতে ইসলামের সংসদ সদস্য প্রার্থী মো. নুরুজ্জামান বাদল (৫১)।