জাবিতে শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ অজ্ঞাতনামা এক ব্যক্তির বিরুদ্ধে সাভারের আশুলিয়া থানায় মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. জেফরুল হাসান চৌধুরী বাদী হয়ে এই মামলা করেন।
জাবি প্রশাসনের তথ্য অনুসারে, মঙ্গলবার রাতে পরিত্যক্ত পুরোনো ফজিলাতুন্নেছা হল ও আল বেরুনী হলের বর্ধিত অংশে এই ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের ৫১তম ব্যাচের (শিক্ষাবর্ষ ২০২১-২২) ওই শিক্ষার্থীর বরাত দিয়ে ক্যাম্পাসের নিরাপত্তা কর্মকর্তারা জানান, রাত ১১টার কিছু পর ওই শিক্ষার্থী ক্যাম্পাসের একটি সড়ক ধরে হাঁটছিলেন। সে সময় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তাকে অনুসরণ করতে শুরু করেন। পরিত্যক্ত ফজিলাতুন্নেছা হলের কাছাকাছি পৌঁছালে ওই ব্যক্তি তার গলায় জালের মতো একটি বস্তু পেঁচিয়ে আল বেরুনী হলের বর্ধিত অংশের পাশের ঝোপে টেনে নিয়ে যান।
ওই সময় কয়েকজন শিক্ষার্থী মোটরসাইকেলে ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন। তারা চিৎকার শুনতে পেয়ে এগিয়ে যান। বাংলা বিভাগের ৪৩তম ব্যাচের শিক্ষার্থী সাফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে আমরা ঝোপের পাশে এক ছাত্রীকে আতঙ্কিত অবস্থায় দেখতে পাই।’
পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরকে বিষয়টি জানানো হলে নিরাপত্তাকর্মী ও প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে যান। জেফরুল বলেন, রাত আনুমানিক সোয়া ১১টার দিকে শিক্ষার্থীরা তাকে ঘটনাটি সম্পর্কে জানান।
‘সঙ্গে সঙ্গে আমরা পুরো এলাকায় তল্লাশি চালাই, কিন্তু অভিযুক্তকে খুঁজে পাইনি।’
তিনি আরও বলেন, ওই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা শুরু করে।
‘ফুটেজ দেখে আমরা প্রাথমিকভাবে অভিযুক্তকে শনাক্ত করতে পেরেছি,’ যোগ করেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, ‘সিসিটিভি ফুটেজে অভিযুক্ত ব্যক্তির মুখ দেখা যাচ্ছে। আমাদের প্রাথমিক ধারণা, ওই ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন।’