‘তরুণদের আত্মত্যাগেই স্বৈরাচারী শাসনের অবসান হয়েছে’

নিজস্ব সংবাদদাতা, খুলনা

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার বলেছেন, ‘তরুণদের আত্মত্যাগের মধ্য দিয়েই স্বৈরাচারী শাসনের অবসান হয়েছে এবং দেশের মানুষ স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার ফিরে পেয়েছেন।’

বুধবার বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনকালে তিনি জুলাই শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

নানা কর্মসূচির মধ্য দিয়ে খুকৃবি জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করেছে। জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এবং রচনা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

৫ আগস্ট দুপুরে অস্থায়ী ক্যাম্পাস-১–সংলগ্ন মসজিদ ও এতিমখানায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। একই সময় মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

বিকেলে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. শামীম আহামেদ কামাল উদ্দিন খান। আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রেজাউল ইসলাম, জুলাই গণঅভ্যুত্থানে চোখ হারানো যোদ্ধা হাসিব রহমান অভিক এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

আলোচনা সভায় উপাচার্য বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের মতপ্রকাশের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। সন্ধ্যায় জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করা হয়।