এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো সেই রাবি শিক্ষার্থী মারা গেছেন
স্ট্রোক করে গুরুতর অসুস্থ হওয়ার পর এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নিয়ে আসা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী জাহিদুল ইসলাম সাইমন মারা গেছেন।
আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রক্টর মাহবুবুর বলেন, ‘কিছুক্ষণ আগে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সাইমন মারা গেছে। তার পরিবারের সদস্যরা সেখানে আছেন এবং তারা হাসপাতাল থেকে তার মরদেহ গ্রহণ করবেন।’
সাইমন রাবির ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
গত শনিবার রাতে হলে নিজের কক্ষে ঘুমের মধ্যে হঠাৎ বিছানা থেকে পড়ে যান সাইমন। তার শরীর শক্ত হয়ে গেলে সহপাঠীরা দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকেরা জানান, সাইমনের স্ট্রোক হয়েছে। পরে অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।
জরুরি উন্নত চিকিৎসার বিষয়টি বিবেচনায় নিয়ে সাইমনকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরের দিন রোববার সকাল সাড়ে ১০টার দিকে রামেক হাসপাতাল হোস্টেলের পাশের মাঠ থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় আনা হয়।