শাহবাগ থানায় সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের ৪-৫ নেতাকর্মীর সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি
শাহবাগ থানায় গত এপ্রিলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের চার-পাঁচজন নেতাকর্মীর সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি। তবে কমিটি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেনি।
ঘটনার পাঁচ মাসেরও বেশি সময় পর গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রতিবেদন জমা দিয়েছে কমিটি। অথচ তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা ছিল।
গত ২৩ এপ্রিল শাহবাগ থানায় পেশাগত দায়িত্ব পালনের সময় ঢাবির সাংবাদিক সমিতির সদস্যদের ওপর হামলা চালানো হয়। এতে ১০ সাংবাদিক আহত হন।
এ ঘটনার পর সহকারী প্রক্টর মুহাম্মদ মাহবুব কায়সারকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘প্রতিবেদনটি সিন্ডিকেটে উপস্থাপনের জন্য পাঠানো হয়েছে।’
কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে ডেইলি স্টারকে বলেন, ‘হামলায় ছাত্রদলের চার থেকে পাঁচ নেতাকর্মীর সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে। আর দুজনকে শনাক্ত করা সম্ভব হয়নি বলে উল্লেখ রয়েছে প্রতিবেদনে।’
তিনি আরও বলেন, ‘আমরা অভিযোগগুলো যাচাই করেছি ও প্রমাণ পেয়েছি।’
হামলায় জড়িতদের বিরুদ্ধে কমিটি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেনি বলেও জানান ওই সদস্য।
তিনি বলেন, ‘কমিটির দায়িত্ব ছিল শুধু ঘটনার সত্যতা ও প্রকৃত তথ্য বের করা।’
পরবর্তী সময়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে উচ্চতর কমিটি বা ট্রাইব্যুনাল গঠন করা হতে পারে বলে জানান তিনি।
এ বিষয়ে জানতে তদন্ত কমিটির প্রধান মাহবুব কায়সারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করেননি।