মোবাইলে এআই ব্যবহার করে নকল, এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার
চট্টগ্রামে মোবাইল ফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নকল করায় এক এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
আজ সোমবার নগরীর সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মানবিক বিভাগের ওই পরীক্ষার্থী প্রশ্নপত্র বিতরণের কিছুক্ষণ পর গোপনে মোবাইল ফোনে ছবি তোলেন। পরে তিনি স্মার্টফোনে থাকা এক এআই অ্যাপে প্রশ্নের ছবি আপলোড করে উত্তর সংগ্রহ করে খাতায় লিখতে শুরু করেন। এসময় দায়িত্বরত পরিদর্শকরা তাকে হাতেনাতে ধরে ফেলেন।
অধ্যাপক ড. সাজ্জাদ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘পরীক্ষার হলে মোবাইল ফোন নিয়ে প্রবেশ ও অসদুপায় অবলম্বনের দায়ে ওই পরীক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়েছে। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও জব্দ করা হয়েছে।’
আজ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে পৌরনীতি ও সুশাসন (প্রথম পত্র), জীববিজ্ঞান (প্রথম পত্র), ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা (প্রথম পত্র) এবং খাদ্য ও পুষ্টি (প্রথম পত্র) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এর আগে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা কয়েক দফা বিঘ্নিত হয়। গত ৮ জুলাই প্রথম দফায় পরীক্ষা স্থগিত করা হয়। এরপর বন্যা-পরবর্তী পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকার যোগাযোগ ব্যবস্থা এবং পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনায় গত ১৬ জুলাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের পরীক্ষা স্থগিত করা হয়েছিল।
আজ আবার এই বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলো শুরু হয়।