আঙুল ছাড়াও ইতালির জার্সি পরে খেলতে রাজী দোন্নারুমা
ইতালি জাতীয় দলের মূল একাদশে অনেক দিন থেকেই নিয়মিত মুখ হলেও মূল এক নম্বর জার্সি পরতেন ভিন্ন কেউ। সালভেতর সিরিগো, আলেসসিও ক্রাগ্নো, সিনান বালোত, আলেক্স মারেত, মার্ক বুনো হতে শুরু করে অনেকেই খেলেছেন ওই এক নম্বর জার্সি। কিন্তু সেখানে ছিলেন না জিয়াজলুইজি দোন্নারুমা। তবে নেশন্স কাপ দিয়ে শুরু হয় তার নতুন যাত্রা। সঙ্গে ইতালিরও। সাম্প্রতিক সময়ের দুঃসহ স্মৃতি পেছনে নতুন উদ্যমে শুরু করেছে দলটি।
শুধু এক নম্বর জার্সিই নয়, নেশন্স লিগে পেয়েছেন ইতালির নেতৃত্বও। শেষ দুই ম্যাচে জাতীয় দলের আর্মব্যান্ড পরেও খেলছেন। অথচ এ আসরে নামার আগে ফিটনেস ঘাটতি ছিল তার। তবে এ জার্সি পরে খেলার জন্য সব কিছুই ত্যাগ করতে রাজী এ গোলরক্ষক, 'এক নম্বর জার্সি পরা ও অধিনায়কত্বের আর্মব্যান্ড পরা সত্যিই অবিশ্বাস্য অনুভূতি। এই জার্সির জন্য, আমি একটি আঙুল ছাড়াও খেলতে রাজী। আমি মেডিক্যাল স্টাফদের ধন্যবাদ জানাতে চাই। কদিন আগেও মনে হয়েছিল আমার জন্য খেলা অসম্ভব। তাদের সাহায্য এবং আমার ইচ্ছার কারণে এটা করতে পেরেছি। আমি এই জার্সি যতো দিন সম্ভব পরে থাকতে চাই।'
জার্মানির সঙ্গে ড্র করার পর আগের দিন নেশন্স লিগের দ্বিতীয় ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে জিতেছে ইতালি। দুই তরুণ নিকোলো বেরেল্লা ও লোরেঞ্জো পেল্লেগ্রিনির গোলে প্রথমার্ধে দলটি ২-০ ব্যবধানে এগিয়েছিল তারা। দ্বিতীয়ার্ধে ডিফেন্ডার জিয়ানলুকা মানচিনির আত্মঘাতী গোলে ব্যবধান কমে।
তরুণদের নিয়ে গঠিত এ দল নিয়ে জয়ের ধারায় ফেরায় দারুণ উচ্ছ্বসিত দোন্নারুমা, 'দলের জয়ে আমরা দারুণ খুশি। আমরা আবার একত্রে থাকার ও কঠোর পরিশ্রম করার তাগিদ অনুভব করছি। সব নতুন ছেলেরা সত্যিই আমাদের একটি দারুণ কার্যকরী হয়ে উঠছে। এবং আমরা এই ঐক্যের অনুভূতি নিয়ে এগিয়ে যাব। আমরা জানি দলে অনেক কিছুই নতুন, অনেক পরিবর্তন আসছে নতুন শুরুর জন্য।'