আমরা ভালো খেলেছি, তারা একটি গোল বেশি করেছে: গার্দিওলা
ব্যাপারটা যেন বিশ্বাসই করতে পারছেন না পেপ গার্দিওলা। ম্যাচের প্রায় শেষ পর্যন্ত দুই গোলের ব্যবধানে এগিয়ে। কিন্তু শেষ পর্যন্ত পরাজিত দলটির নাম ম্যানচেস্টার সিটি। এমন হারে রীতিমতো স্তব্ধ সিটি শিবির। তবে ভালো খেলার সান্ত্বনা নিয়েই ফিরছেন তারা।
সান্তিয়াগো বার্নাব্যুতে বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের ফিরতি লেগে ম্যানচেস্টার সিটিকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। প্রথম লেগের ম্যাচে ম্যান সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে তারা হেরেছিল ৪-৩ গোলে। ফলে দুই লেগ মিলিয়ে ৬-৫ অগ্রগামিতায় চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের টিকিট পেয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
এদিন ম্যাচের নির্ধারিত সময় পর্যন্ত দুই গোলের ব্যবধানে পিছিয়ে ছিল রিয়াল। এরপর যোগ করা সময়ে দুটি গোলই শোধ করে দেয় দলটি। নাটকীয়ভাবে দুইবার জালের দেখা পান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো। এরপর অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচের ষষ্ঠ মিনিটে পেনাল্টি পায় দলটি। সেখানে নিখুঁত এক স্পট কিকে বল জালে পাঠান করিম বেনজেমা। তাতেই কাবু সিটি।
পুরো ম্যাচে আধিপত্য দেখালেও হারতে হয় সফরকারীদের। তবে ফুটবল গোলের খেলা বলেই বিষয়টি মেনে নিয়েছেন গার্দিওলা, 'ম্যাচের একেবারের শেষ দিক ছাড়া আমরা দুর্দান্ত ছিলাম। কিন্তু সবই নির্ভর করে গোলের ওপরে এবং তারা একটি গোল বেশি করেছে। অধিকাংশ ম্যাচে আমরা নিয়ন্ত্রণে ছিলাম। আমরা ভালো খেলেছি, জ্যাক (গ্রেলিশ) খুব ভালো সুযোগ পেয়েছিল। এটা সত্য যে তাদের বিপজ্জনক দেখাচ্ছিল। তারা চার স্ট্রাইকার এবং (এডার) মিলিতাও দিয়ে শেষ করেছে।'
এদিন অবশ্য শুরু থেকেই সাবলীলভাবে খেলতে থাকে সিটি। রিয়াল তাদের প্রথম গোল দেওয়ার পর থেকেই হঠাৎ ছন্দপতন হয় তাদের। গার্দিওলার ভাষায়, 'প্রথম গোলের আগ পর্যন্ত আমরা মাদ্রিদের কিছুতে বিচলিত ছিলাম না। তাদের ইতিহাসে এমনটা অনেকবার করেছে, কিন্তু আমরা শঙ্কিত বোধ করিনি। আমরা যখন আমাদের সেরাটা খেলছিলাম তখনই তারা আমাদের দিকে ফিরে এসেছে।'
এর আগেও চ্যাম্পিয়ন্স লিগ থেকে হেরে বিদায় নিয়েছেন গার্দিওলা। তবে এবার জয়ের খুব কাছে গিয়েও হারতে হওয়ায় অনুভূতিটা ভিন্ন তাদের, 'আমি চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা, চেলসির মতো দলের বিপক্ষে অন্যান্য কঠিন হারের সম্মুখীন হয়েছি। তবে এবার আমরা খুব কাছাকাছি এসেছিলাম। প্রথমার্ধে আমরা লড়াই করেছি, দ্বিতীয়ার্ধে এটা আরও ভাল ছিল। কিন্তু শেষ পর্যন্ত আমরা নিয়ন্ত্রণে শেষ করতে পারিনি।'
বাস্তবতা মেনে নিয়ে এ হারের ধাক্কা কাটিয়ে খুব শীগগিরই উঠতে হবে বলেই জানান এ কোচ, 'আমাদের খেলোয়াড়দের (বিষণ্ণতা থেকে) তুলতে হবে, খেলাধুলায় এমনটা হয়। তবে পাওয়ার খুব কাছাকাছি থাকার এই অনুভূতি... তারপর তারা ২-১ ব্যবধানে এগিয়ে ছিল, তারা পেনাল্টি পেয়েছে এবং তখন এটা শেষ হয়ে গেছে।'