আমি আবারও বলব, রোনালদো বিশ্বের সেরা খেলোয়াড়: সান্তোস
সতীর্থের গোলে অবদান রাখার পর নিজে জালের দেখা খুঁজে পেলেন দুবার। অনেকগুলো সহজ সুযোগ নষ্ট না করলে হতে পারত তার হ্যাটট্রিকও। মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদোর নৈপুণ্যে সুইজারল্যান্ডকে স্রেফ উড়িয়ে দিল পর্তুগাল। উয়েফা নেশন্স লিগের চলতি আসরে তারা পেল প্রথম জয়। স্তুতি গাইতে গিয়ে দলটির কোচ ফার্নান্দো সান্তোস রোনালদোকে দিলেন বিশ্বের সেরা খেলোয়াড়ের তকমা।
রোববার রাতে 'এ' লিগের দুই নম্বরে গ্রুপের ম্যাচে ঘরের মাঠ লিসবনে ৪-০ গোলে জিতেছে পর্তুগিজরা। প্রথমার্ধে উইলিয়াম কারভালহোকে অ্যাসিস্ট করার পর জোড়া গোল করেন রোনালদো। দ্বিতীয়ার্ধে স্বাগতিকদের জয়ের ব্যবধান বাড়ান জোয়াও কান্সেলো।
ম্যাচের ৩৫তম মিনিটে প্রথমবার গোলের উৎসব করেন ৩৭ বছর বয়সী রোনালদো। দিয়োগো জোতার পাসে ডি-বক্সের ভেতরে প্রথম ছোঁয়ায় জোরালো শটে সুইসদের জাল কাঁপান তিনি। চার মিনিটের ব্যবধানে দ্বিতীয় গোলের স্বাদ পেয়ে যান পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই ফরোয়ার্ড। জোতার শট আটকে দিলেও বিপদমুক্ত করতে ব্যর্থ হন সফরকারীদের গোলরক্ষক গ্রেগর কোবেল। ছয় গজের বক্সের মধ্যে ফাঁকায় থাকা রোনালদো বাকিটা সারেন অনায়াসে।
ম্যাচের পর পর্তুগালের কোচ সান্তোস জানান, রোনালদোকে নিয়ে নতুন কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছেন না, 'আমি জানি না আর কী বলার আছে। আমি আবারও বলব, রোনালদো বিশ্বের সেরা খেলোয়াড়। আমি এর চেয়ে বেশি আর কী বলতে পারি? আমি মনে করি, তাকে নিয়ে সবকিছু বলা হয়ে গেছে।'
জাতীয় দলের জার্সিতে ১৮৮ ম্যাচে রোনালদোর গোলসংখ্যা বেড়ে হয়েছে ১১৭। প্রথমার্ধের শেষদিকে আরও দুটি দারুণ সুযোগ পেয়েছিলেন তিনি। তবে সেগুলো হাতছাড়া হওয়ায় হ্যাটট্রিক পাননি আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের রেকর্ডের মালিক এই ফরোয়ার্ড।
শিষ্যদের সামগ্রিক পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি ঝরেছে সান্তোসের কণ্ঠে, 'আমি একজন কোচ হিসেবে তখনই খুশি হই, যখন আমি জিতি এবং আমার দল যেভাবে অনুশীলন করেছে, সেভাবেই পারফর্ম করে। শুরুর কয়েক মিনিটের পর আমরা বল নিজেদের করে নিই এবং ম্যাচকে নিয়ন্ত্রণ করি। প্রথমার্ধেই আমরা আরও এক-দুই গোল পেতে পারতাম। দ্বিতীয়ার্ধে আমাদের গতি কিছুটা কমে যায়। তবে খেলোয়াড়রা তো আর মেশিন না। আমরা আরও একটা গোলও করি।'
দুই রাউন্ড শেষে পর্তুগাল ও চেক প্রজাতন্ত্র সমান ৪ পয়েন্ট করে পেয়েছে। গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপের শীর্ষে রয়েছেন রোনালদোরা। তিনে থাকা স্পেনের নামের পাশে আছে ২ পয়েন্ট। সুইজারল্যান্ড এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি। আগামী বৃহস্পতিবার রাতে চেকদের আতিথ্য দেবে পর্তুগিজরা। একই সময়ে আরেক ম্যাচে ঘরের মাঠে স্প্যানিশদের মুখোমুখি হবে সুইসরা।