এখন আমাদের বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক রয়েছে: মেসি
গত বিশ্বকাপের কথা। দলের প্রধান গোলরক্ষক সের্জিও রোমেরো ইনজুরিতে পড়ে ছিটকে যাওয়ায় কি ভোগান্তিই ভুগতে হয়েছিল আর্জেন্টিনাকে। গোলবারে দক্ষ গোলরক্ষকের অভাবেই বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে তারা। ভালো মানের একজন গোলরক্ষকের অভাবটা ভালোভাবেই টের পেয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।
তবে সাম্প্রতিক সময়ে আর্জেন্টিনা দলের গোলবারে ভরসার নাম হয়ে উঠেছেন এমিলিয়ানো মার্তিনেজ। কোপা আমেরিকা জয়ে রেখেছেন প্রত্যক্ষ অবদান। আজও উরুগুয়ের দুটি নিশ্চিত সুযোগ নষ্ট করে দেন তিনি। অন্যথায় শুরুতেই পিছিয়ে পড়তে পারতো আর্জেন্টিনা। তাতেই এ গোলরক্ষকের প্রশংসায় মেতেছেন অধিনায়ক।
কোপা আমেরিকা থেকেই এমিলিয়ানো মার্তিনেজ নিজেকে বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন বলে মনে করেন মেসি, 'যখন থেকে সে দলে এসেছে, তখন থেকেই সে সবসময় অসাধারণ পারফর্ম করছে। আমাদের এখন বিশ্বের অন্যতম সেরা একজন গোলরক্ষক আছে। আর এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে কোপা আমেরিকা থেকেই।'
এল মনুমেন্তালে এদিন কাতার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ৩-০ গোলের ব্যবধানে জিতেছে আর্জেন্টিনা। ম্যাচের ৩৭তম মিনিটে মেসির গোলে এগিয়ে যাওয়ার পর ৪৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো দি পল। দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়ান লাউতারো মার্তিনেজ। তবে লুইস সুয়ারেজের দুটি প্রচেষ্টা নস্যাৎ করে ম্যাচ জয়ের অন্যতম নায়কও এমিলিয়ানো মার্তিনেজও।
অসাধারণ এ জয়ে বেজায় খুশি মেসি। তবে নিজেদের খেলার ধরণের বেশ সন্তুষ্ট অধিনায়ক। বিশেষকরে দলের উন্নতির ধারা ধরে রাখাই এখন মূল লক্ষ্য জানিয়ে বলেন, 'আশা করছি এ ধারা অনেক দিন থাকবে। উপভোগ করার জন্য এটা খুব সুন্দর ব্যাপার। আমরা দারুণ একটি ম্যাচ খেলেছি। আমরা অনেক উন্নতি করেছি ও বলের দখলও বাড়িয়েছি।'