এবার গোল না পেলেও শেষ আটে সিটি

স্পোর্টস ডেস্ক

প্রথম লেগে স্পোর্টিং লিসবনের মাঠে গিয়ে তাদের ৫ গোলের বন্যায় ভাসিয়ে দিয়েছিল ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে এই প্রতিপক্ষকে আরও বিধ্বস্ত করে দেওয়ার তাই আভাস ছিল। কিন্তু এবার কোন গোলই পেল না পেপ গার্দিওয়ালার দল। তাতেও অবশ্য সমস্যা হচ্ছে না। প্রথম লেগের প্রভাবেই শেষ আটে উঠে গেছে তারা।

বুধবার রাতে ইত্তিহাদ স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের সিটি-স্পোর্টিং লিসবনের শেষ ষোলোর ফিরতি লেগের ম্যাচ ছিল গোলশূন্য। তবে আগের ম্যাচে ৫ গোলে এগিয়ে থাকায় সিটির কোয়ার্টার ফাইনালে উঠতে সমস্যা হয়নি।

স্বাভাবিকভাবেই নামে ভারে এগিয়ে থাকা সিটি নিজেদের মাঠে বল দখলে এগিয়েই ছিল। কিন্তু গোল করার পরিস্থিতি তৈরি হচ্ছিল না সেভাবে। প্রথম গোল মুখে শট নিয়েছে তারা ২৪ মিনিটে। ফিল ফোডেনের সেই শটে ছিল না কোন তীব্রতা।

৩৮ মিনিটে একটা সুযোগ তৈরি করেছিলেন রহিম স্টার্লিং। ফোডেনের সঙ্গে বল দেওয়া নেওয়া করে এগিয়ে গেলেও তাকে রুখে দেন স্পোর্টিং লিসবনের গোলরক্ষক।

বিরতির পর অবশ্য একবার বল জালে পাঠাতে পেরেছিল সিটি। তবে গ্যাব্রিয়েল জেসুসের সেই শট ভিআরে বাতিল হয় অফসাইডের কারণে।  ম্যাড়েম্যাড়ে ম্যাচে শেষ দিকেও ছিল না কোন উত্তাপ। দিনের আরেক ম্যাচ ছিল রোমাঞ্চকর। তাতে পিএসজিতে ৩-১ গোলে হারিয়ে শেষ আটে উঠেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।