গোলের পর গোলের পুরস্কার হিসেবে ইংলিশ ফুটবলের বর্ষসেরা সালাহ
লিভারপুলের হয়ে চলতি মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ৩১ ম্যাচ খেলেছেন মোহামেদ সালাহ। সেখানে তার যে মূল কাজ, সেটা দারুণ দক্ষতার সঙ্গে সম্পন্ন করেছেন তিনি। মিশরের তারকা ফরোয়ার্ড গোল করেছেন ২২টি। কেবল তা-ই নয়, সতীর্থদের দিয়ে সালাহ করিয়েছেন আরও ১৩ গোল। মৌসুম শেষ না হতেই গোলমুখে এমন ক্ষুরধার পারফরম্যান্সের স্বীকৃতি মিলল তার।
ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশন (এফডব্লিউএ) ২০২১/২২ মৌসুমে ইংলিশ ফুটবলের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত করেছে সালাহকে। শুক্রবার এক বিবৃতিতে তার নাম ঘোষণা করা হয়েছে। এই নিয়ে দ্বিতীয়বারের মতো এফডব্লিউএর ভোটে পুরস্কার জিতলেন তিনি। এর আগে ২০১৭/১৮ মৌসুমের জন্য বর্ষসেরা হয়েছিলেন সালাহ।
৪৮ শতাংশ ভোট পেয়ে সেরা ফুটবলার হয়েছেন ২৯ বছর বয়সী সালাহ। ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন দ্বিতীয় ও ওয়েস্টহ্যাম ইউনাইটেডের মিডফিল্ডার ডেকলান রাইস তৃতীয় স্থান পেয়েছেন।
ইতিহাসের নবম খেলোয়াড় হিসেবে একের বেশি এফডব্লিউএর সম্মাননা পেলেন সালাহ। টিম ফিনে, ড্যানি ব্ল্যাঙ্কফ্লাওয়ার, স্ট্যানলি ম্যাথিউস, কেনি ডালগ্লিশ, জন বার্নস, গ্যারি লিনেকার আর ক্রিস্তিয়ানো রোনালদোও জিতেছেন দুবার করে। এককভাবে সর্বোচ্চ তিনবার বর্ষসেরা হয়েছেন থিয়েরি অঁরি। লিভারপুলের হয়ে দুবার এফডব্লিউএর ভোটে সেরা হওয়া তৃতীয় খেলোয়াড় সালাহ। বাকি দুজন হলেন ডালগ্লিশ ও বার্নস।
সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে ৪৪ ম্যাচ খেলেছেন সালাহ। নিজে ৩০ গোল করার পাশাপাশি সতীর্থদের ১৪ গোলে অবদান রেখেছেন তিনি। তার মতো দুর্দান্ত ছন্দে ছুটছে লিভারপুলও। ৩৩ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার দুই নম্বরে রয়েছে অলরেডরা। আসরের শিরোপার লড়াইয়ে তাদের চেয়ে মাত্র ১ পয়েন্টে এগিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি।
কেবল প্রিমিয়ার লিগ নয়, এবার মোট চারটি শিরোপা ঘরে তোলার সুযোগ রয়েছে লিভারপুলের সামনে। চেলসিকে হারিয়ে ইতোমধ্যে ইএফএল কাপে চ্যাম্পিয়ন হয়েছে তারা। আগামী ১৪ মে এফএ কাপের ফাইনালে তাদের প্রতিপক্ষ ব্লুজরাই। আর সেমিফাইনালের প্রথম লেগে ঘরের মাঠ অ্যানফিল্ডে ভিয়ারিয়ালকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পথে এক ধাপ এগিয়ে আছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।