চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের সুবাস পাচ্ছে লিভারপুল
কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগ এখনও বাকি। তবে প্রথম লেগের পরেই কি বলে দেওয়া যায় না যে ইংলিশ পরাশক্তি লিভারপুল খেলবে সেমিফাইনালে? রীতিমতো বড় কোনো অঘটন না ঘটলে সেটাই হওয়ার কথা। প্রথমত, দাপুটে পারফরম্যান্স দেখিয়ে বেনফিকার মাঠ থেকে জয় নিয়ে ফিরেছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। দ্বিতীয়ত, দুই দলের পরের ম্যাচটি হবে অলরেডদের চেনা আঙিনা অ্যানফিল্ডে।
মঙ্গলবার রাতে লিসবনে পর্তুগিজ ক্লাব বেনফিকাকে ৩-১ গোলে হারিয়েছে লিভারপুল। তাদের হয়ে একবার করে লক্ষ্যভেদ করেন ইব্রাহিম কোনাতে, সাদিও মানে ও লুইস দিয়াজ। স্বাগতিকদের পক্ষে ব্যবধান কমান দারউইন নুনিয়েজ।
বল দখলে এগিয়ে থাকার সঙ্গে সঙ্গে আক্রমণের বন্যা বইয়ে দেওয়া লিভারপুল গোলমুখে ১৭টি শট নিয়ে লক্ষ্যে রাখে আটটি। প্রথমার্ধে তারা একচ্ছত্র আধিপত্য দেখালেও দ্বিতীয়ার্ধে কিছুটা ছন্দপতন হয়। সেসময় বেনফিকা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিতও দিয়েছিল। কিন্তু শেষদিকে দিয়াজের গোলে আশাভঙ্গ হয় তাদের। গোলমুখে নয়টি শটের মধ্যে তিনটি লক্ষ্যে রেখেছিল দলটি।
ম্যাচের ১৭তম মিনিটেই এগিয়ে যায় সফরকারীরা। অ্যান্ড্রু রবার্টসনের কর্নারে ডি-বক্সের ভেতরে লাফিয়ে মাথা ছোঁয়ান কোনাতে। বল প্রতিপক্ষ গোলরক্ষককে ফাঁকি দিয়ে চলে যায় জালে। লিভারপুলের জার্সিতে ফরাসি ডিফেন্ডার কোনাতের প্রথম গোল এটি।
৩৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সেনেগালের তারকা ফরোয়ার্ড মানে। ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ডের ক্রসে হেড করে দিয়াজ বল ফেলেন ডি-বক্সে। গোলপোস্টের খুব কাছ থেকে পাওয়া সহজ সুযোগ হাতছাড়া করেননি মানে। বিরতির আগে আরও গোল পেতে পারত লিভারপুল। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও নিশানা ভেদ করতে ব্যর্থ হন মোহামেদ সালাহ।
দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে কোনাতে বল বিপদমুক্ত করতে গড়বড় করে ফেললে এক গোল শোধ করে বসে বেনফিকা। রাফা সিলভার পাস থেকে লিভারপুলের গোলরক্ষক অ্যালিসনকে পরাস্ত করেন নুনিয়েজ। ৬০তম মিনিটে স্কোরলাইন হতে পারত ২-২। তবে এভারতনের জোরালো শট ফিরিয়ে দেন অ্যালিসন। ছয় মিনিট পর নুনিয়েজ পেনাল্টির আবেদন তুললেও ভিএআরে সেটা টেকেনি।
৮৭তম মিনিটে লড়াই থেকে ছিটকে যায় বেনফিকা। নাবি কেইতার বাড়ানো পাসে গোলরক্ষককে কাটিয়ে দুরূহ কোণ থেকে বল জালে পাঠান কলম্বিয়ান স্ট্রাইকার দিয়াজ। তাতে উচ্ছ্বাসের সঙ্গে সঙ্গে স্বস্তির নিঃশ্বাস ফেলে লিভারপুল। তাদের জয়ের ব্যবধান আরও বড় হতে পারত। যোগ করা সময়ে সরাসরি গোলরক্ষকের দিকে শট মেরে সুবর্ণ সুযোগ নষ্ট করেন বদলি দিয়োগো জোতা।
আগামী ১৪ এপ্রিল অনুষ্ঠিত হবে দুই দলের মধ্যকার শেষ আটের দ্বিতীয় লেগ।