শেষ মুহূর্তে ইলিশ কিনতে কারওয়ান বাজারে ভিড়

স্টার অনলাইন রিপোর্ট

নিষেধাজ্ঞা শুরুর আগে শেষ মুহূর্তে ইলিশ কিনতে রাজধানীর কারওয়ান বাজারে ভিড় করেছেন ক্রেতারা। ইলিশের দরদাম আর ব্যস্ততায় জমে উঠেছে বাজার। তবে চড়া দামের কারণে অনেকেই পছন্দের ইলিশ কিনতে না পেরে খালি হাতে ফিরছেন।

আজ বুধবার মধ্যরাতের পর বঙ্গোপসাগর ও সংলগ্ন নদ-নদীতে আর জাল ফেলতে পারবেন না জেলেরা। মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশসহ সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ছবি: শাহীন মোল্লা/স্টার

এই সময়ে ইলিশ পরিবহন, মজুত, বাজারজাত ও ক্রয়-বিক্রয়ও নিষিদ্ধ। ফলে নিষেধাজ্ঞা শুরুর আগের দিন নদীর ঘাট থেকে মাছের বাজার—সবখানেই ছিল শেষ মুহূর্তের ব্যস্ততা।

আজ রাত সাড়ে ১০টার দিকে কারওয়ান বাজারের মাছের আড়তে গিয়ে দেখা যায়, বাজারজুড়ে যেন উৎসবের আমেজ। চারদিকে ইলিশ কেনাবেচার হাঁকডাক। আড়তে সাজানো ছোট-বড় নানা আকারের ইলিশ। ক্রেতারাও ঘুরছেন পছন্দের মাছের খোঁজে। তবে জমজমাট পরিবেশের মধ্যেও বিক্রিতে যেন কিছুটা ভাটার টান। কারণ, ইলিশের দাম অনেকেরই নাগালের বাইরে।

ছবি: শাহীন মোল্লা/স্টার

বাজার ঘুরে জানা গেল, ছোট ইলিশে বাজার সয়লাব হলেও বড় ইলিশের সরবরাহ তুলনামূলক কম। ছোট ইলিশ বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৭০০ টাকায়। আর বড় ইলিশ ওজনভেদে বিক্রি হচ্ছে ২ হাজার থেকে সাড়ে ৩ হাজার টাকায়। এর মধ্যে এক কেজি ওজনের ইলিশের দাম পড়ছে ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৬০০ টাকা।

কারওয়ান বাজারে এক দিনের ব্যবধানেই বড় ইলিশের দাম বেড়েছে প্রায় ২০০ থেকে ৩০০ টাকা। বিপরীতে ছোট ইলিশের দাম কমেছে ৫০ থেকে ১০০ টাকা।

ছবি: শাহীন মোল্লা/স্টার

দাম বাড়ার কারণ জানতে চাইলে কারওয়ান বাজারের প্রবীণ ব্যবসায়ী আইয়ুব আলী বলেন, ‘১৯৮৮ সাল থেকে ইলিশ বিক্রি করে আসছি। এবার বাজারে বড় ইলিশের চালান কম। কেজিপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা বেশি দিয়ে কিনেই আনতে হয়েছে।’

ছবি: শাহীন মোল্লা/স্টার

মগবাজারের বাসিন্দা সিফাতুল্লাহকে তখন দেখা গেল ভিড়ের মধ্যে এ দোকান-ও দোকান ঘুরতে। পছন্দের ইলিশ দেখলেও দাম শুনে সিদ্ধান্ত নিতে পারছিলেন না। তিনি বলেন, ‘সকালেও একবার এসেছিলাম। তখন এক কেজি ওজনের ইলিশের দাম ছিল ২৩০০ টাকা। এখন বিক্রি হচ্ছে ২৬০০ টাকায়। তাই না কিনেই ফিরে যাচ্ছি।’