চ্যাম্পিয়ন্স লিগে ক্লাব ব্রুজের বিপক্ষে থাকবেন মেসি-নেইমার

স্পোর্টস ডেস্ক

জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বে ব্যস্ত থাকায় পিএসজির সবশেষ ম্যাচে খেলতে পারেননি লিওনেল মেসি ও নেইমার। তবে আসন্ন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ক্লাব ব্রুজের বিপক্ষে দলে থাকবেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন ফরাসি ক্লাবটির আর্জেন্টাইন কোচ মরিসিও পচেত্তিনো।

আগামী বুধবার ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসরের 'বি' গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ব্রুজের মাঠে খেলবে পিএসজি। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত একটায়।

গত শুক্রবার লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে নিজ নিজ ম্যাচে মাঠে নেমেছিল আর্জেন্টিনা ও ব্রাজিল। দুই পরাশক্তির হয়ে পুরো সময় খেলেন মেসি ও নেইমার। তাই ফ্রান্সে ফিরতে দেরি হয়ে তাদের। ফলে পরদিন শনিবার লিগ ওয়ানে ক্লেরমন্ত ফুতের বিপক্ষে ম্যাচে বিশ্রাম দেওয়া হয় তাদের।

মেসি ও নেইমার না খেললেও নবাগত ক্লেরমন্তের বিপক্ষে বড় জয় পেয়েছে পিএসজি। ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে তারা প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে ৪-০ গোলে। জোড়া গোল করেন আন্দার হেরেরা। প্যারিসিয়ানদের বাকি দুই গোলদাতা হলেন কিলিয়ান এমবাপে ও ইদ্রিসা গে।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে পচেত্তিনো দেন সুখবর, 'তারা (মেসি ও নেইমার) শুক্রবার রাতে প্যারিসে ফিরেছে ও আজ (শনিবার) অনুশীলন শুরু করেছে। আমি খুশি। কারণ, তারা ক্লান্ত হলেও তাদের শারীরিক কোনো সমস্যা নেই। তারা বুধবারের ম্যাচে থাকবে।'

ফরাসি লিগে পিএসজির প্রথম তিন ম্যাচে ছিলেন না নেইমার। গত মাসের শেষদিকে রাঁসের বিপক্ষে ম্যাচ দিয়ে মৌসুম শুরু করেন তিনি। সেদিনই প্রথমবারের মতো পিএসজির জার্সিতে খেলতে দেখা যায় মেসিকে। দ্বিতীয়ার্ধে তিনি মাঠে নেমেছিলেন নেইমারের বদলি হিসেবে।

মেসি, নেইমার ও এমবাপে- সময়ের সেরা তারকাদের তিন জন পিএসজিতে থাকলেও এখনও তাদেরকে একসঙ্গে মাঠে দেখার আকাঙ্ক্ষা রয়ে গেছে ফুটবলপ্রেমীদের। চ্যাম্পিয়ন্স লিগে বেলজিয়ামের দল ব্রুজের বিপক্ষে ভক্ত-সমর্থকদের সেই অপেক্ষার অবসান হতে পারে।

উল্লেখ্য, লিগ ওয়ানে জয়ের ধারা অব্যাহত রেখে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে পিএসজি। ৫ ম্যাচের সবকটিতে জেতায় তাদের অর্জন পূর্ণ ১৫ পয়েন্ট। প্রতিপক্ষের জালে ১৬ বার বল পাঠানোর বিপরীতে তারা হজম করেছে কেবল ৫ গোল।