চ্যাম্পিয়ন্স লিগে মেসির ফেভারিট তালিকায় নেই বার্সেলোনা
ফুটবল ক্লাব বার্সেলোনায় খেলেছেন ২০ বছরেরও বেশি সময়। বরাবরই তার দল তখন চ্যাম্পিয়ন্স লিগের অন্যতম দাবিদার ছিল। ফেভারিট তালিকায় কাতালান ক্লাবটির নাম থাকতো শুরুর দিকেই। কিন্তু সেই ক্লাবটিকে এবার এ আসরের ফেভারিট তালিকায় রাখেননি রেকর্ড ছয় বারের ব্যালন ডি'অর জয়ী লিওনেল মেসি।
চলতি মৌসুমেই বার্সেলোনা ছেড়ে এসেছেন মেসি। বর্তমানে তিনি প্যারিসের ক্লাব পিএসজির খেলোয়াড়। ক্যারিয়ারের সেরা সময়টা বার্সেলোনায় কাঁটিয়ে আসলেও প্যারিসবাসী স্বাদরেই গ্রহণ করেছে তাকে। সমর্থকদের ভালোবাসাটা শুরু থেকেই টের পাচ্ছেন। হয়তো সে কারণেই সাবেক ক্লাবের প্রতি আবেগ না দেখিয়ে কঠিন বাস্তবতার কথাই তুলে ধরেছেন এ আর্জেন্টাইন।
সময়ের অন্যতম সেরা এ খেলোয়াড় বেশ কয়েক বছর বলতে গেলে একা টেনেছেন বার্সেলোনাকে। তার অনুপস্থিতিতে এবার শুরু থেকেই ধুঁকছে কাতালানরা। শুধু যে মেসিই দল ছেড়েছেন তাও নয়, আতোঁয়ান গ্রিজমানদের মতো তারকা খেলোয়াড়দের ধরে রাখতে পারেনি দলটি। সবমিলিয়ে আগের সেই শক্তির জায়গা নেই কাতালানদের।
আর চ্যাম্পিয়ন্স লিগে এবারের আসরে বার্সেলোনার অবস্থাও সুবিধাজনক নয়। অবস্থা এতোটাই খারাপ যে গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও অবাক হওয়ার কিছু থাকবে না। প্রথম দুই ম্যাচের দুটিতেই হেরেছে দলটি। তাও বড় ব্যবধানে। আশানুরূপ প্রতিরোধও গড়ে তুলতে পারছে না তারা। স্বাভাবিকভাবেই সাবেক ক্লাবের এমন নাজুক অবস্থা নজর এড়ায়নি মেসির।
অন্যদিকে মেসি যোগ দেওয়ায় চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সম্ভাবনা অনেকটাই বেড়েছে গত দুই আসরে সেরা চারে খেলা পিএসজির। অনেকেরই ফেভারিট দল প্যারিসের ক্লাবটি। তবে মেসির ভাবনা ভিন্ন। ফ্রান্স ফুটবল সাময়িকী দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, 'সবাই বলছে পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ জিতবে। কিন্তু আরও অনেক দল রয়েছে। চেলসি, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, বায়ার্ন মিউনিখ, ইন্টার মিলানও আছে। রিয়াল মাদ্রিদ সব সময়ই এই প্রতিযোগিতায় ভালো করে। আমি জানি না আর কোনো ক্লাবের কথা ভুলে গেলাম কি না।'
পিএসজিতে নিজেদের মধ্যে বোঝাপড়াটা বাড়াতে পারলে তাদেরও যে সুযোগ রয়েছে বলে মনে করেন আর্জেন্টাইন অধিনায়ক, 'আমাদের দারুণ কিছু খেলোয়াড় আছেন। তবে এখনও আমাদের নিজেদের মধ্যে বোঝাপড়াটা বাড়াতে হবে। শিরোপা জেতার জন্য একটা দল হিসেবে খেলা অনেক জরুরি। এই দিকেই আমরা অন্যান্য ক্লাবের থেকে পিছিয়ে আছি, যাদের সম্মিলিত অভিজ্ঞতা আমাদের চেয়ে বেশি।'
'ক্লাবটি এ (চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের) লক্ষ্যেই বেশ কয়েক বছর ধরে চেষ্টা করে যাচ্ছে এবং সাম্প্রতিক সময়ে তারা অনেক কাছেও চলে এসেছিল। ব্যক্তিগতভাবে আমি মনে করি, এটা আগের মতোই আছে। আমি চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারলে খুশি হব যেমনটা আমি বার্সেলোনায় থাকতে বলতাম। এটা দারুণ প্রতিযোগিতা এবং জেতা অনেক কঠিন। তবে আমি মনে করি আমাদের দলের এটা জয়ের জন্য প্রয়োজনীয় রশদ রয়েছে।' -যোগ করেন মেসি।