ডি ব্রুইনের লক্ষ্যভেদে সেমির পথে এগিয়ে গেল ম্যান সিটি

স্পোর্টস ডেস্ক

পুরো ম্যাচে খোলসে বন্দি থাকল অ্যাতলেতিকো মাদ্রিদ। বরাবরের মতো নিজেদের কৌশলে আস্থা রেখে রক্ষণ জমাট রেখে খেলল তারা। ম্যানচেস্টার সিটিকে আটকে রেখে কাঙ্ক্ষিত ফলও তারা প্রায় পেয়েই গিয়েছিল। কিন্তু শেষরক্ষা হলো না দিয়েগো সিমিওনের শিষ্যদের। একের পর আক্রমণ করে সুবিধা করতে না পারা সিটিজেনরা দ্বিতীয়ার্ধে উদ্ধার পেল ফিল ফোডেন ও কেভিন ডি ব্রুইনের বোঝাপড়ায়। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ওঠার পথে এগিয়ে গেল দলটি।

মঙ্গলবার রাতে ঘরের মাঠে আসরের শেষ আটের প্রথম লেগে ১-০ গোলে জিতেছে পেপ গার্দিওলার শিষ্যরা। ম্যাচের ৭০তম মিনিটে দুই পক্ষের মধ্যে ব্যবধান গড়ে দেন তারকা বেলজিয়ান মিডফিল্ডার ডি ব্রুইন।

ইতিহাদ স্টেডিয়ামে দুই দল খেলেছে নিজস্ব ঘরানার ফুটবল। ম্যান সিটি শুরু থেকেই আক্রমণে মনোযোগী ছিল। আর অ্যাতলেতিকোর লক্ষ্য ছিল রক্ষণদেয়াল মজবুত রেখে পাল্টা আক্রমণে ওঠা। তবে গোল হওয়ার মতো তেমন মুহূর্ত আসেনি দুই তারকা কোচের কৌশলের লড়াইয়ে। গোলমুখে স্বাগতিকদের নেওয়া ১৫ শটের কেবল দুটি ছিল লক্ষ্যে। অন্যদিকে, সফরকারী অ্যাতলেতিকো গোটা ম্যাচে লক্ষ্যে তো দূরে থাক, কোনো শটই নিতে পারেনি গোলমুখে!

প্রথমার্ধে বলার মতো কোনো সুযোগ পায়নি কোনো দল। ম্যানচেস্টার সিটি আক্রমণে গেলেও অ্যাতলেতিকোকে বিপাকে ফেলার মতো কিছু পারছিল না। তাদের প্রচেষ্টাগুলো খেই হারিয়ে ফেলছিল বারবার। বিরতির পর ম্যাচের ৪৭তম মিনিটে প্রথম স্পষ্ট সুযোগ আসে সিটির সামনে। তবে ইল্কাই গুন্দোয়ানের শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন স্তেফান স্যাভিচ।

আট মিনিট পর ডি ব্রুইনের ফ্রি-কিক ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক ইয়ান ওবলাক। ফলে এগিয়ে যাওয়া হয়নি সিটির। নয় মিনিট পর সতীর্থের কর্নারে আইমেরিক লাপোর্তের হেড থাকেনি লক্ষ্যে। অবশেষে ৭০তম মিনিটে উল্লাসে মাতোয়ারা হয় গার্দিওলার দল। রিয়াদ মাহরেজের বদলি নামার দুই মিনিটের মধ্যে নিজের সামর্থ্যের ঝলক দেখান তরুণ ইংলিশ মিডফিল্ডার ফোডেন। প্রতিপক্ষের তিন ডিফেন্ডারের ফাঁক দিয়ে তিনি পাস বাড়ান ডি-বক্সে। এরপর কোণাকুণি শটে বল জালে পাঠান ডি ব্রুইন।

শেষদিকে শারীরিক শক্তি প্রদর্শন নিয়ে ম্যাচে ছড়ায় উত্তেজনা। সিটির গ্যাব্রিয়েল জেসুস ও এদারসন এবং অ্যাতলেতিকোর আনহেল কোরেয়া ও সিমে ভারসালিকোকে হলুদ কার্ড দেখান রেফারি। আর কোনো গোল না হলে ডি ব্রুইনের লক্ষ্যভেদই হয়ে দাঁড়ায় পার্থক্যসূচক।

আগামী ১৪ এপ্রিল অনুষ্ঠিত হবে দুই দলের মধ্যকার কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ। ম্যাচটির ভেন্যু অ্যাতলেতিকোর হোম ভেন্যু ওয়ান্দা মেত্রোপলিতানো।