তবুও চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পাওয়ার আশা ইউনাইটেডের
অবস্থা যা দাঁড়িয়েছে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ তো দূরের কথা, ইউরোপা লিগেও জায়গা পাওয়া বেশ কঠিন ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য। এমনকি ইউরোপা কনফারেন্স লিগেও জায়গা নাও মিলতে পারে। যদিও কাগজে কলমে এখনও টিকে আছে তাদের চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা। তবে হারার আগে হারছে না দলটি। শেষ পর্যন্ত লড়াই করে যাওয়ার অঙ্গীকার করেন দলের ডিফেন্ডার দিয়াগো দালত।
এমিরেটস স্টেডিয়ামে শনিবার আর্সেনালের কাছে ৩-১ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তাতে ষষ্ঠ স্থানেই থাকতে হচ্ছে দলটিকে। আজ চেলসির বিপক্ষে ওয়েস্টহ্যাম জিতলে নেমে যেতে হবে সাত নম্বরে। অন্যদিকে টটেনহ্যাম হটস্পার্সকে টপকে সেরা চারে ঢুকে যায় আর্সেনাল। ফলে সেরা চারে থেকে আসর শেষ করার সম্ভাবনা অনেকটাই ফিকে হয়ে গেছে ইউনাইটেডের।
প্রিমিয়ার লিগের প্রথম দুটি স্থান এরমধ্যে নিশ্চিত করে ফেলেছে ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। তৃতীয় ও চতুর্থ স্থানের জন্য লড়াই চলছে পাঁচটি দলের মধ্যে। ৩১ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে তিনে আছে চেলসি। ৬০ পয়েন্ট নিয়ে চারের থাকা আর্সেনাল খেলেছে ৩৩ ম্যাচ। আর্সেনালের সমান ম্যাচ খেলে ৫৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আসছে টটেনহ্যাম। তাদের পরেই আছে ইউনাইটেড। তাদের সংগ্রহ ৫৪ পয়েন্ট। তবে ৩৪টি ম্যাচ খেলেছে তারা।
ফলে শেষ চারে উঠতে গাণিতিকভাবে আশা রয়েছে ইউনাইটেডের। সেক্ষেত্রে শেষ চারটি ম্যাচ তো জিততে হবেই। সঙ্গে প্রার্থনা করতে হবে অপর দলগুলোর হারেরও।
তবে ফুটবলে শেষ বলে কিছু নেই বলে আশা ছাড়ছেন না দালত, 'ক্লাবটি চ্যাম্পিয়ন্স লিগের অন্তর্গত নয়, এটা মেনে নেওয়া আমাদের জন্য অনেক কঠিন। আমি যা বলতে চাই তা হলো, এখনও গাণিতিকভাবে এটা সম্ভব। আমরা শেষ পর্যন্ত বিশ্বাস রাখব। স্পষ্টতই, এটি সত্যিই কঠিন হতে চলেছে এবং আমাদের আরও বাস্তববাদী হতে হবে, সবাই জানে যে ফুটবলে শেষ পর্যন্ত অনেক কিছুই ঘটতে পারে।'
এরজন্য সতীর্থদের চেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানান এ ডিফেন্ডার, 'আমাদের দলের প্রত্যেককে আরও পরিণত করতে হবে এবং আমাদের আরও উদ্যমী হতে হবে। আরও বেশি চাইতে এবং আধিপত্য বিস্তার করতে হবে। আমি মনে করি আমাদের প্রতিদিনই এ নিয়ে চেষ্টা চালিয়ে যেতে হবে।'
তবে নিজেদের এমন পরিস্থিতিতে সমর্থকদের জন্য কষ্ট হচ্ছে দালতের, 'সত্যি বলতে কি আমি মনে করি এটা একটি শিক্ষা। কিছু লোক বলতে পারে দুর্ভাগ্য এবং কিছু লোক বলতে পারে আমরা ভালো খেলছি না। আমি সমর্থকদের হতাশা সম্পূর্ণরূপে বুঝতে পারি তারা খেলা দেখতে অনেক দূর পর্যন্ত ভ্রমণ করেছেন। শেষ পর্যন্ত থেকে যাওয়া অনেক কঠিন এবং ৯০ মিনিটে যা করেছে তার জন্য তাদের ধন্যবাদ জানাতে হবে।'