তিন পেনাল্টির ম্যাচে বার্সার নায়ক ডি ইয়ং
প্রথমার্ধে গোলই হলো না, দ্বিতীয়ার্ধে এলো ৫ গোল। এক ম্যাচে পেনাল্টি দেখা গেল তিনটি, এরমধ্যে দুটি তো চার মিনিটের মধ্যেই। ঘটনাবহুল ৪৫ মিনিটের নাটকীয়তার একদম শেষ মুহূর্তে বার্সেলোনাকে পয়েন্ট হারানোর শঙ্কা থেকে বাঁচালেন লুক ডি ইয়ং।
রোববার রাতে লেভান্তের মাঠে ৩-২ গোলে জিতেছে জাভি হার্নান্দেজের দল। এই জয়ে সেভিয়াকে সরিয়ে টেবিলের দুইয়ে উঠে এসেছে তারা। অথচ ম্যাচটিতে পয়েন্ট হারানো প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল বার্সার। ৮৯ মিনিটে দারুণ হেডে দলকে সেই পরিস্থিতি থেকে বাঁচান ডি ইয়ং।
গোলবিহীন প্রধামার্ধের পর ৫২ মিনিটে এগিয়ে যায় লেভান্তে। দানি আলভেজ প্রতিপক্ষের ডিফান্ডার সনকে বক্সের মধ্যে ফেলে দিলে পেনাল্টি পায় লেভান্তে। তা থেকে গোল করেন মোরালেস।
দুই মিনিট পর আবার পেনাল্টি। এবার বক্সের মধ্যে হেড করতে গিয়ে হাতে বল লাগান গার্সিয়া। এবার লেভান্তের পেনাল্টি ঠেকিয়ে দেন টের স্টেগেন। ৫৯ মিনিটে পিয়েরে-এমেরিক অবামেয়াং হেডে গোল করে আনেন সমতা।
৪ মিনিট পর পেদ্রির গোলে ম্যাচে প্রথমবার এগিয়ে যায় বার্সেলোনা। সেই সুখ স্থায়ী হয়নি বেশিক্ষণ। ৮২ মিনিটে বক্সের মধ্যে ফাউল করে বসেন লংলে। আবার পেনাল্টি পায় লেভান্তে। এবার ঠেকাতে পারেননি টের স্টেগেন। সমতায় ফিরে পয়েন্ট অর্জনের আশায় ছিল স্বাগতিকরা।
খেলার একদম অন্তিমে অবামেয়াংয়ের বদলি নেমে ঝলক দেখান ডি ইয়ং। জর্দি আলভার ক্রস থেকে দারুণ হেডে জালে জড়িয়ে উল্লাসে মাতেন তিনি।
এই জয়ে ৩০ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সা। ৩১ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে তাদের অনেক উপরে অবশ্য রিয়াল মাদ্রিদ।