নিউক্যাসলের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের একাদশে রোনালদো

স্পোর্টস ডেস্ক

ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে দ্বিতীয় দফায় অভিষেক থেকে আর কিছু সময় দূরে আছেন ক্রিস্তিয়ানো রোনালদো। নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ইংলিশ প্রিমিয়ার লিগের সফলতম ক্লাবটির একাদশে রাখা হয়েছে পর্তুগিজ তারকাকে। অর্থাৎ ম্যাচের শুরু থেকেই খেলবেন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী ফরোয়ার্ড।

শনিবার বাংলাদেশ সময় রাত আটটায় ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে নিউক্যাসলের মুখোমুখি হচ্ছে ওলে গানার সুলশারের দল।

গত ২৭ অগাস্ট রোনালদোর সঙ্গে সমঝোতায় পৌঁছানোর কথা জানিয়ে ফুটবল বিশ্বে আলোড়ন তৈরি করে ইউনাইটেড। তিনদিন পর সম্পন্ন হয় চুক্তির আনুষ্ঠানিকতা। ইতালিয়ান পরাশক্তি জুভেন্টাস থেকে রোনালদোকে আনতে রেড ডেভিলদের প্রাথমিকভাবে খরচ হয়েছে ১ কোটি সাড়ে ২৮ লাখ ইউরো। এক যুগ পর পুরনো ঠিকানায় ফিরে পছন্দের ৭ নম্বর জার্সিই পেয়েছেন রোনালদো।

চুক্তি হওয়ার পরপরই বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে জাতীয় দল পর্তুগালে যোগ দেন রোনালদো। ফলে ইউনাইটেডের জার্সিতে ফের তাকে খেলতে দেখতে পাওয়ার অপেক্ষায় থাকতে হয়েছে ভক্ত-সমর্থকদের। সেই অপেক্ষার পালা শেষ হচ্ছে কিছুক্ষণের মধ্যে।

গত ২ সেপ্টেম্বর বাছাইয়ে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে জোড়া গোলে ইতিহাস গড়েন রোনালদো। ইরানের আলী দাইকে টপকে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা হওয়ার কীর্তি গড়েন তিনি। পর্তুগালের জার্সিতে তার গোল এখন ১১১টি।

তবে দ্বিতীয় গোল করার পর জার্সি খুলে উল্লাস করায় হলুদ কার্ড দেখানো হয় রোনালদোকে। বিশ্বকাপ বাছাইয়ে দুটি হলুদ কার্ড পাওয়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞা জোটে তার। ফলে জাতীয় দল ছেড়ে আগেভাগে ম্যানচেস্টারে ফিরে নতুন সতীর্থদের সঙ্গে অনুশীলনে যোগ দেন তিনি।

উল্লেখ্য, ২০০৯ সালে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার আগে ওল্ড ট্র্যাফোর্ডে দ্যুতি ছড়ান রোনালদো। সব প্রতিযোগিতা মিলিয়ে ২৯২ ম্যাচে তিনি করেছিলেন ১১৮ গোল। সেসময় ইউনাইটেডের কোচ ছিলেন স্যার অ্যালেক্স ফার্গুসন। তিনি রোনালদোর এবারের দলবদলে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

ম্যানচেস্টার ইউনাইটেডের একাদশ:

গোলরক্ষক: দাভিদ দে গেয়া;
ডিফেন্ডার: হ্যারি ম্যাগুইয়ার, রাফায়েল ভারান, লুক শ, অ্যারন ওয়ান-বিসাকা;
মিডফিল্ডার: পল পগবা, ব্রুনো ফার্নানদেস, নেমানিয়া মাতিচ;
ফরোয়ার্ড: ক্রিস্তিয়ানো রোনালদো, ম্যাসন গ্রিনউড, জ্যাডন স্যাঞ্চো।