নয় গোলের লড়াইয়ে জিতে 'ভাগ্য'কে ধন্যবাদ দিলেন গার্দিওলা

স্পোর্টস ডেস্ক

ম্যানচেস্টার সিটি ম্যাচের প্রায় পুরোটা সময় এগিয়ে থাকলেও ছেড়ে কথা বলেনি আরবি লাইপজিগ। গোল উৎসবের ম্যাচে হয় কঠিন প্রতিদ্বন্দ্বিতা। তবে শেষদিকের দুই গোলে স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে সিটিজেনরা। নয় গোলের ঘটনাবহুল লড়াইয়ে জেতার পর ভাগ্যকে পাশে পাওয়ার কথা জানান দলটির কোচ পেপ গার্দিওলা।

বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন আসরে শুভ সূচনা করেছে ম্যান সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাধারীরা ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে জার্মান ক্লাব লাইপজিগকে হারিয়েছে ৬-৩ গোলে।

কী হয়নি ম্যাচে! পরতে পরতে ছিল উত্তেজনা। শুরু থেকে শেষ পর্যন্ত গোল হয়েছে একের পর এক। হয়েছে আত্মঘাতী গোলও। প্রথমার্ধে লাইপজিগের নর্দি মুকিয়েল বল পাঠান নিজেদের জালেই। তারা পুরো ১১ জন নিয়েও ম্যাচ শেষ করতে পারেনি। শেষদিকে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন অ্যাঞ্জেলিনো। বিফলে গেছে ক্রিস্টোফার এনকুনুর দুর্দান্ত নৈপুণ্য। লাইপজিগের ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে হ্যাটট্রিক করেও দলকে জেতাতে পারেননি তিনি।

৭৩তম মিনিটে ম্যাচের স্কোরলাইন দাঁড়ায় ৪-৩। তবে লাইপজিগকে এরপর লড়াই থেকে ছিটকে দেয় জোয়াও ক্যানসেলো ও গ্যাব্রিয়েল জেসুসের গোল। তাদের আগে জালের ঠিকানা খুঁজে পান ম্যান সিটির নাথান আকে, রিয়াদ মাহরেজ ও জ্যাক গ্রিলিশ।

ম্যাচশেষে সংবাদ সম্মেলনে শিষ্যদের প্রশংসায় ভাসান গার্দিওলা, 'অবশ্যই, আমি আনন্দিত ও খুশি। আর আমাদের এই অবিশ্বাস্য খেলোয়াড়দের ধন্যবাদ। এটা সত্যিই কঠিন একটি ম্যাচ ছিল। ঘরের মাঠে প্রথম খেলা জেতাটা গুরুত্বপূর্ণ ছিল এবং আমরা ছয় গোল করেছি।'

ফুটবলপ্রেমীদের দারুণ উপভোগ্য একটি ম্যাচ উপহার দেওয়ায় প্রতিপক্ষকেও কৃতিত্ব দেন তিনি, 'এক ম্যাচে নয় গোল হয়েছে। সুতরাং, যারা দেখছিল, তাদের জন্য এটা চমৎকার ছিল। আরবি লাইপজিগের মতো দল কখনো হাল ছাড়বে না। তাদের একটি স্পষ্ট ধারণা আছে। তারা ভেতরের দিকে ঢুকে আক্রমণ করে। তারা (ডি-বক্সের) ভিতরে অনেক খেলোয়াড় রাখে। বল হারানো নিয়ে তাদের সমস্যা নেই। কারণ যখন তারা বল হারায়, তখন তারা (কৌশলে) দ্রুত পরিবর্তন আনে।'

লাইপজিগ যখনই ম্যাচে ফিরে আসার চেষ্টা করছিল, তখনই অল্প সময়ের মধ্যে ফের ব্যবধান বাড়িয়ে নিচ্ছিল ম্যান সিটি। দ্রুত গোল পেয়ে যাওয়ায় তাই নিজেদের ভাগ্যবান মনে করেন গার্দিওলা, 'আমার মনে হয়, খেলাটা ছিল টানটান উত্তেজনাপূর্ণ। আমরা ভাগ্যবান যে তারা যখনই গোল করছিল, আমরাও তাৎক্ষণিকভাবে গোল করতে পারছিলাম।'

দুরন্ত জয়ে চ্যাম্পিয়ন্স লিগের 'এ' গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে শিরোপাপ্রত্যাশী ম্যানচেস্টার সিটি। তবে আসরের আরেক ফেভারিট ফরাসি পরাশক্তি পিএসজির শুরুটা হয়েছে বিবর্ণ। গ্রুপের অন্য ম্যাচে বেলজিয়ামের ক্লাব ব্রুজের মাঠে লিওনেল মেসি-নেইমার-কিলিয়ান এমবাপেদের দল ড্র করেছে ১-১ গোলে।