প্রতিপক্ষ ফ্রাঙ্কফুর্টের প্রশংসায় বার্সা ভক্তরা

স্পোর্টস ডেস্ক

মাঠের লড়াইয়ের আগে মুখের লড়াই হরহামেশাই হয়ে থাকে দুই দলের মধ্যে। প্রতিপক্ষকে নিচু করে নিজেদের উঁচিয়ে ধরতে চায় সবাই। প্রতিপক্ষ যতো শক্তিধরই হোক না কেন হারার আগে হারতে চান না কেউই। তেমনি শক্তি, সামর্থ্য এমনকি ঐতিহ্যে পিছিয়ে থাকার পরও বার্সেলোনাকে দেখিয়ে দেওয়ার হুমকি দিয়েছে এইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট। কিন্তু তারপরও বার্সা সমর্থকদের উচ্ছ্বসিত প্রশংসাই পাচ্ছে জার্মান ক্লাবটি!

ইউরোপা লিগের সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে আজ বৃহস্পতিবার রাতেই মাঠে নামবে বার্সেলোনা। প্রতিপক্ষ জার্মান ক্লাব এইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট। লড়াইটা হবে এ জার্মান ক্লাবের মাঠেই। আর পাঁচবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী এ ক্লাবটির বিপক্ষে মাঠে নামার তর সইছে না ফ্রাঙ্কফুর্টের। 'হেই বার্সেলোনা... ফ্রাঙ্কফুর্ট অপেক্ষা করছে' ক্যাপশন দিয়ে আগের দিন সামাজিক মাধ্যমে একটি ভিডিও বার্তা দিয়েছে ক্লাবটি।

আর ভিডিওটি ব্যাপক প্রশংসা পাচ্ছ বার্সেলোনা সমর্থকদের কাছে। বার্সেলোনাকে প্রচ্ছন্ন হুমকি দিলেও তাদের যথেষ্ট সম্মান জানিয়েছে ফ্রাঙ্কফুর্ট। ভিডিওতে তারা বলেছে, 'হেই বার্সা, তোমরা অনেক মহান একটি ক্লাব। তোমরা অনেক সফল, তোমাদের ঐতিহ্য আলাদা, তোমাদের শহর অসাধারণ। তোমাদের ফুটবল অতুলনীয়, প্রত্যেকেই তোমাদের চেনে। প্রায় সবাই তোমাদের ভালোবাসে।'

এরপরই নিজেদের সম্পর্কে জানিয়ে দিয়েছে জার্মান ক্লাবটি, 'কিন্তু তোমরা কি আমাদের সম্পর্কে জানো? তোমরা কী এইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে চেনো? আমাদের অনেক ট্রফি রয়েছে। আমাদেরও কিংবদন্তি রয়েছে। আমাদের শহরও অনেক সুন্দর।'

কাতালানরা অনেক কিছুতে থাকলেও এক দিক থেকে তারা জার্মান ক্লাবটি থেকে পিছিয়ে থাকবে বলে দাবি করেছে ফ্রাঙ্কফুর্ট। নিজেদের ফ্যানবেজের বেশ কয়েকটি ফুটেজ তুলে ধরে বলেছে, 'ঠিক আছে বার্সা, হয়তো তোমাদের কিছুটা বেশি আছে। হয়তো তোমরা ততোটা প্রভাবিত হচ্ছ না। তবে তোমাদের জেনে রাখা ভালো, একটা জিনিস তোমাদের নেই... তোমাকে এটা দেখতে হবে। এবং এটা তোমাদের অনুভব করতে হবে। ফ্রাঙ্কফুর্ট অপেক্ষায় আছে।'

আর এ ভিডিও বার্তায় ইতিবাচক মন্তব্য করে ফ্রাঙ্কফুর্টকে প্রশংসায় ভাসিয়েছে বার্সা সমর্থকরা। একজন লিখেছেন, 'বার্সা সমর্থক হিসেবে সত্যিই এ ভিডিওর প্রশংসা করতে হবে। কোনো অসম্মান করা হয়নি। আশা করছি দারুণ একটি ম্যাচ হবে। মাঠে দেখা হবে।'

আরেকজন লিখেছেন, 'অসাধারণ তৈরি। ফুটবল তো এমনই। সম্মানের জন্য ধন্যবাদ। তোমাদের স্টেডিয়ামের ভীতিকর পরিস্থিতিতে খেলতে হবে। ফ্রাঙ্কফুর্টকে শ্রদ্ধা।'

কেউবার আবার রোমাঞ্চের উত্তেজনায় ভাসছেন, 'একজন কিউল সমর্থক হয়েও আমার এটা খুবই ভালো লেগেছে। শ্রদ্ধা জানিয়ে ম্যাচ শুরু করার এমন উপায় আর হতেই পারে না। আমি খুবই রোমাঞ্চিত।'

এমনকি ফ্রাঙ্কফুর্ট পেয়েছে কাতালানদের শুভেচ্ছা, 'ওয়াও, এতো দুর্দান্ত সম্মান দেখানো। অবশ্যই এটা একটা দারুণ ম্যাচ হতে যাচ্ছে। বার্সার পক্ষ থেকে তোমাদের শুভ কামনা।'