ফাইনালে রিয়ালকেই চান সালাহ
ইংলিশ প্রিমিয়ার লিগে এবার তাদের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি। লিগের শেষ প্রান্তে এসে দুই দলের মধ্যে পার্থক্য মাত্র ১ পয়েন্টের। সেই দলটিকে এবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পাওয়ার সুযোগ রয়েছে লিভারপুলের। তবে সিটিকে নয়, রিয়াল মাদ্রিদকে পেলে বেশি খুশি হবেন লিভারপুলের মিশরীয় তারকা মোহামেদ সালাহ।
অবশ্য এর পেছনে ভিন্ন একটি কারণও রয়েছে। ২০১৮ সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের কথা। কিয়েভে সেদিন দারুণ ছন্দে থাকা সালাহর সঙ্গে ক্রিস্তিয়ানোর রোনালদোর দ্বৈরথ দেখার অপেক্ষায় ছিল ফুটবল বিশ্ব। কিন্তু তা আর হয়ে ওঠেনি। অনাকাঙ্ক্ষিত চোটে পড়ে প্রথমার্ধ শেষ না হতেই মাঠ ছাড়তে হয় সালাহকে।
ম্যাচের বয়স তখন মাত্র ২৯ মিনিট। বল ছিলো রিয়ালের অর্ধে। উড়ে আসা বলের নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন সালাহ। পাশে থাকা রামোস তাকে ট্যাকেল করতে যান। এক পর্যায়ে সালাহর হাত ধরে টেনে ধরেন। শরীরের ভারসাম্য রাখতে না পেরে পড়ে যান রামোস। তবে সালাহর হাত ছাড়েননি। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান সালাহও। এতেই গুরুতর ভাবে আহত হয়ে মাঠ ছাড়তে হয় তাকে।
অনেকেরই ধারণা সেদিন ইচ্ছা করেই সালাহকে মেরেছিলেন রামোস। আর এ মিশরীয় তারকাকে ছাড়া শেষ পর্যন্ত পেরে ওঠেনি লিভারপুল। ১৩তম শিরোপার স্বাদ নেয় রিয়াল। এমনকি শঙ্কায় ছিল সালাহর বিশ্বকাপ স্বপ্নও। প্রথম ম্যাচ মিস করলেও বাকি দুই ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি। তবে সেই রামোস আর এখন আর রিয়ালের খেলোয়াড় নন।
চার বছর পর আবারও সুযোগ রয়েছে আরও একটি লিভারপুল-রিয়াল মাদ্রিদ ফাইনাল দেখার। যদিও প্রথম লেগের ম্যাচে সিটির কাছে ৪-৩ গোলের ব্যবধানে পিছিয়ে আছে তারা। তবে ঘরের মাঠে নকআউট পর্বের আগের দিন ম্যাচে পিছিয়ে থেকেও ঘুরে দাঁড়ানোর নজির গড়েছে তারা।
আগের দিন চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে ভিয়ারিয়ালকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়েছে লিভারপুল। প্রথম লেগে ২-০ গোলের ব্যবধানে জিতেছিল দলটি। ফলে দুই লেগ মিলিয়ে ৫-২ গোলের অগ্রগামিতায় ফাইনাল নিশ্চিত করল অলরেডরা।
ম্যাচ শেষে বিটি স্পোর্টসের সঙ্গে ফাইনাল প্রসঙ্গে আলাপকালে সালাহ বলেছেন, 'হ্যাঁ, আমি মাদ্রিদের বিপক্ষে খেলতে চাই। (ম্যানচেস্টার) সিটি সত্যিই কঠিন একটি দল। আমরা এই মৌসুমে তাদের বিপক্ষে কয়েকবার খেলেছি। আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেন, আমি মাদ্রিদকেই পছন্দ করব।'